বিশ্বকাপ বয়কট করলে ৪ শাস্তির মুখে পড়বে পাকিস্তান
খেলা ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৩
বাংলাদেশ ইস্যুতে সমর্থনের কথা বলতে গিয়ে এবার নিজেই চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। কিন্তু সেই হুমকিই এখন উল্টো বুমেরাং হয়ে ফেরার শঙ্কায় পিসিবি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি সত্যিই বিশ্বকাপে অংশ না নেওয়ার পথে হাঁটে, তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে। সম্ভাব্য শাস্তির তালিকায় রয়েছে অন্তত চারটি বড় ধাক্কা।
প্রথমত, পাকিস্তানের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইসিসি। দ্বিতীয়ত, পাকিস্তানের সঙ্গে চলমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সিরিজ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে। তৃতীয়ত, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে এনওসি না দেওয়া হতে পারে। এমনকি চতুর্থ শাস্তি হিসেবে পাকিস্তানকে এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার সম্ভাবনার কথা উঠেছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পেছনে নিজেদের অবস্থানও পরিষ্কার করেছে আইসিসি। সংস্থাটির দাবি, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য কিংবা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। সে কারণেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
আইসিসির ঘোষণার পর বিষয়টি নিয়ে আরও সরব হন পিসিবি সভাপতি মহসিন নাকভি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তার অভিযোগ, আইসিসির নীতিতে দ্বিমুখিতা রয়েছে—এক দেশের ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত, অন্য দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ।
এমআই