Advertisement
Us Bangla Airlines
সুইডেনপ্রবাসী ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

সুইডেনপ্রবাসী ফুটবলারকে নিয়ে দল ঘোষণা করল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেন্স এশিয়ান কাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। ইউরোপের ফুটবলে খেলার অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত ২০ বছর বয়সী এই তরুণী।

এর আগে জাপানে জন্ম নেওয়া মাতসুশিমা সুমাইয়া প্রথম প্রবাসী নারী ফুটবলার হিসেবে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর গত মাসে সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয় তাঁর।

আনিকার পাশাপাশি এশিয়ান কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরও দুই নতুন মুখ আলপি আক্তার ও সৌরভী আফরিন। জাতীয় দলে এটাই তাঁদের প্রথম ডাক। অন্যদিকে দলে ফিরেছেন অভিজ্ঞ আইরিন খাতুন ও সৌরভী আকন্দ। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর।

বাংলাদেশের গ্রুপ বেশ কঠিন। গ্রুপে রয়েছে ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার অংশ নিয়ে তারা জিতেছে সর্বোচ্চ ৯টি শিরোপা। ৩ মার্চ প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল।

৬ মার্চ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ র‍্যাঙ্কিংয়ের নবম দল উত্তর কোরিয়ার বিপক্ষে। ১৯৮৯ সাল থেকে এশিয়ান কাপে অংশ নিয়ে দেশটি তিনবার শিরোপা জিতেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, যাদের এশিয়ান কাপে সর্বোচ্চ সাফল্য এখন পর্যন্ত গ্রুপ পর্বেই সীমাবদ্ধ।

নারী এশিয়ান কাপের বাংলাদেশ দল

গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী। ডিফেন্ডার: আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, নবীরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, হালিমা খাতুন, সৌরভী আফরিন। মিডফিল্ডার: স্বপ্না রানী, মুনকি আক্তার, আইরিন খাতুন, শাহেদা আক্তার, উমহেলা মারমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, উন্নতি খাতুন। ফরোয়ার্ড: আলপি আক্তার, সৌরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, তহুরা খাতুন, মোসাম্মত সাগরিকা ও শামসুন্নাহার জুনিয়র। ‎স্ট্যান্ডবাই: অর্পিতা বিশ্বাস, সিনহা জাহান, শান্তি মার্ডি, তনিমা বিশ্বাস।

এমআই