ভোটের মাঠে লড়ছেন ক্রীড়াঙ্গনের ৬ প্রার্থী
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৮
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের ময়দানে রয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকেই—কেউ বিএনপির ধানের শীষে, কেউ স্বতন্ত্র, আবার কেউ অন্য প্রতীকে লড়ছেন। সবচেয়ে চোখে পড়া প্রার্থী ঢাকা-১৬ আসনের আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে খেলাধুলার বাইরে রাজনীতিতেও সক্রিয় তিনি।
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক তারকা ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নিজ জেলা ভোলা থেকে নির্বাচন করছেন। সত্তরের দশকে পাকিস্তান দলে খেলে দেশের হয়ে নাম করলেও, স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকা মোহামেডানের হয়ে ডাবল হ্যাটট্রিক করেছেন। অবসর নেওয়ার পর বাফুফের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঢাকা-৬ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি। ঢাকা-৮ আসনে সাবেক ক্রীড়া মন্ত্রী মির্জা আব্বাস, খুলনা-৫ আসনে বিসিবি সাবেক সভাপতি ও ঢাকা আবাহনীর সাবেক পরিচালক আলী আসগর লবি, কিশোরগঞ্জ-৬ আসনে মোহামেডানের সাবেক সহ-সভাপতি ও মনসুর স্পোর্টিং ক্লাবের সভাপতি শরিফুল আলম, চাঁদপুর-১ আসনে সাবেক ভলিবল খেলোয়াড় ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, মুন্সিগঞ্জে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন—এসব নাম ক্রীড়াঙ্গনের প্রার্থীদের তালিকায় চোখে পড়ে।
সরাসরি প্রার্থী না হলেও অনেক ক্রীড়া সংগঠক নির্বাচনী কাজে ব্যস্ত। তাবিথ আউয়াল, হ্যাপি চৌধুরী, আব্দুল্লাহ আল ফুয়াদ, আব্দুস সালামরা পরিবার বা প্রিয় প্রার্থীর হয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। খেলার ময়দানের মতোই ভোটের মাঠেও ক্রীড়াঙ্গনের প্রাক্তন তারকা ও সংগঠকরা দিচ্ছেন প্রতিদ্বন্দ্বিতা।
এমআই