‘আমাদের টাকা নেই, আমাদের সঙ্গে একটি সিরিজ খেলুন’
খেলা ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৫
ভারত-পাকিস্তান ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধ যখন চরমে, ঠিক তখনই আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। তাঁর অভিযোগ, পাকিস্তান সংকটে পাশে দাঁড়ালেও আইসিসির গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে আফগানিস্তান বরাবরই ভারতের সুরে কথা বলে।
আফগানিস্তানের দুঃসময়ের কথা স্মরণ করে নাজাম শেঠি বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা বলেছিল, আমাদের টাকা নেই, আমাদের সঙ্গে একটি সিরিজ খেলুন। অথচ এরপরও আইসিসির প্রতিটি বৈঠকে ভারতের পক্ষেই অবস্থান নিয়েছে তারা।’
শেঠির দাবি অনুযায়ী, সেই অনুরোধে সাড়া দিয়েই শারজায় আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। শুধু তাই নয়, সিরিজ থেকে পাওয়া পুরো লাভই তুলে দেওয়া হয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে। তবুও পাকিস্তানের পক্ষে কখনোই কথা বলেনি আফগান ক্রিকেট বোর্ড।
নাজাম শেঠির মতে, এর পেছনে বড় কারণ হলো আইপিএলে আফগান ক্রিকেটারদের খেলার সুযোগ এবং ভারতের মাটিতে ‘হোম ভেন্যু’ ব্যবহারের সুবিধা। এই সুযোগ-সুবিধাই আফগানিস্তানকে বিসিসিআইয়ের প্রতি অতিমাত্রায় অনুগত করে তুলেছে বলে মনে করেন তিনি।
২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সেখানে অন্য কোনো বোর্ডের সমর্থন না পাওয়ায় আক্ষেপও ঝরেছে শেঠির কণ্ঠে। তিনি বলেন, ‘পাকিস্তান যাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে, সংকটের মুহূর্তে তারাই আজ পিঠ ফিরিয়ে নিচ্ছে।’
এদিকে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে পাকিস্তান। আজ (সোমবার) পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারির মধ্যেই জানা যাবে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে কি না।
এমআই