‘মোস্তাফিজকে বাদ দেওয়া উচিত হয়নি’
খেলা ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪
নিরাপত্তার অজুহাতে আইপিএলের কলকাতা দল থেকে জোরপূর্বক বাদ পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপরই বিশ্ব ক্রিকেটাঙ্গনে উঠেছে ঝড়। ভারতের মাটিতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে জানিয়ে যা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ায় বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে নেওয়া এই সিদ্ধান্তকে অন্যায় ও অবিচার বলে আখ্যা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রতিবাদ হিসেবে তারা গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পথ বেছে নিয়েছে। এতে একদিকে পাকিস্তান শাস্তির মুখে পড়ার আশঙ্কায় থাকলেও অন্যদিকে অস্বস্তিকর অবস্থায় পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিশ্বকাপ শুরুর আর মাত্র এক সপ্তাহ বাকি, অথচ সংকট যেন ক্রমেই জটিল হচ্ছে। এমন অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদ দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতির এমন মিশ্রণ একেবারেই অনুচিত।
বিশ্বকাপ নিয়ে এমন জটিল পরিস্থিতির কারণ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া। শশী থারুর এই সিদ্ধান্তকে চরম ভুল বলেই অ্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘খেলার সঙ্গে এভাবে দুই পক্ষের রাজনীতি জড়ানো উচিত হয়নি। আর মোস্তাফিজুর রহমানকে কেকেআরের চুক্তি থেকে বাদ দেওয়াও ঠিক হয়নি। এটা সত্যিই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘পুরো পরিস্থিতিই এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটা বৈশ্বিক রাজনীতির সঙ্গেও জড়িয়ে যাচ্ছে। যদিও ভারতে বিশ্বকাপ খেলতে আসা ইস্যুতে বাংলাদেশের প্রতিক্রিয়া কিছুটা অতিরঞ্জিত ছিল। এখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেওয়া শুরু করেছে।’
এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হিসেবে আইসিসিকেই দেখছেন তিনি। শশী থারুরের কণ্ঠে আহ্বান, ‘এটা এভাবে চলতে পারে না। সমস্যার একটা সমাধান হওয়া উচিত। ক্রিকেটের স্বার্থে আমাদের সবাইকে একত্রিত হতে হবে। আর এই সংকট নিরসনে একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে আইসিসি।’
এমআই