আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে যা বলছে বিসিবি
খেলা ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৬
আইপিএলে এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপানোর সুযোগ এসেছিল মোস্তাফিজুর রহমানের সামনে। ডিসেম্বরে নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কেকেআর। কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টিকল না। ভারতজুড়ে চলা চাপ ও বিক্ষোভের রেশ ধরে কলকাতা স্কোয়াড থেকে আজ আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশি এই পেসারকে।
ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো বেশ কিছুদিন ধরেই মোস্তাফিজকে আইপিএল না খেলানোর দাবিতে বিক্ষোভ করছিল। সেই চাপের প্রেক্ষিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে। বিষয়টি বাংলাদেশ–ভারতের ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
এই পরিস্থিতিতে মোস্তাফিজের আইপিএল খেলা অনিশ্চিত হওয়া নিয়ে বিসিবির অবস্থান কী, তা জানাতে আজ বিকেলে সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বোর্ড এবং রাত সাড়ে ৯টায় জরুরি সভা ডাকা হয়েছে।
বুলবুল বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই। আমরা আইসিসির অধীনে ইভেন্ট খেলি, আর মোস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল, এটুকুই আমাদের জানা। এর বাইরে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা তথ্য আমরা এখনো পাইনি। পেলে আপনাদের সঙ্গে তা শেয়ার করব।’
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, নিরাপত্তাজনিত শঙ্কার কারণেই মোস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিচ্ছে না ভারত সরকার। এ বিষয়ে কেকেআর এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া ও অভ্যন্তরীণ আলোচনার পর মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এমআই