বিশ্বকাপের মাঝপথে বদলে গেল অস্ট্রেলিয়ার স্কোয়াড
খেলা ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৯
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াডে বড় পরিবর্তন হয়েছে। ইনজুরিতে পড়া পেসার জশ হ্যাজেলউডের স্থলাভিষিক্ত হিসেবে স্টিভ স্মিথকে দলে ডাক দেওয়া হয়েছে। চলমান বিশ্বকাপে আজ (সোমবার) শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে অজি দল।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘হ্যাজেলউড এবার বিশ্বকাপের অংশগ্রহণ থেকে পায়ের পেশির চোটের কারণে ছিটকে গেছেন। মেডিকেল স্টাফ আশা করেছিলেন পরবর্তী ম্যাচে তিনি ফিট হয়ে খেলতে পারবেন, কিন্তু তা সম্ভব হয়নি।’
এর আগে স্মিথকে দলের অধিনায়ক মিচেল মার্শের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছিল, যিনি অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে টেস্টিকুলার চোটের কারণে খেলতে পারেননি। রবিবার দলের সঙ্গে প্রশিক্ষণ নেওয়া স্মিথ আজকের গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামতে পারেন।
ফেব্রুয়ারি ২০২২ এর পর থেকে স্মিথ কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবে সম্প্রতি বিগ ব্যাশে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার। তাই ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে।
অস্ট্রেলিয়ার চলমান বিশ্বকাপ অভিযান এখন ঝুঁকির মধ্যে। জিম্বাবুয়ের কাছে ২৩ রানে পরাজয়ের পর আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ই তাদের একমাত্র বিকল্প। হারলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে অজিদের।
এমআই