Advertisement
Us Bangla Airlines
‘আমরা ভারতকে হারিয়েছি, তারা পারেননি’

‘আমরা ভারতকে হারিয়েছি, তারা পারেননি’

খেলা ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৯

ভারতের বিপক্ষে বাজে বোলিং করায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন শাদাব খান। এবার সমালোচনার আগুনে ঘি ঢাললেন না, সোজা আগুনেই হাঁটলেন এই তারকা স্পিনার। নামিবিয়ার বিপক্ষে ব্যাট-বলে জবাব দেওয়ার পর মাইক্রোফোনের সামনে সাবেক ক্রিকেটারদের একহাত নিলেন শাদাব।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের সাবেক দুই তারকা শহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। রোববার কলম্বোতে ভারতের কাছে হারের পর আফ্রিদি বলেছিলেন, বাজে পারফরম্যান্সের কারণে বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রাখার কথা ভাবা উচিত।

একই সুরে মত দেন ইউসুফও। সময় এসেছে বেঞ্চের শক্তি যাচাই করে তরুণদের সুযোগ দেওয়ার। কিন্তু বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতে পাকিস্তান যখন সুপার এইট নিশ্চিত করল, তখন আলোটা ঘুরে এল শাদাবের দিকেই।

সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠতেই লেগ স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মত আছে। তারা পাকিস্তানের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু সত্যিটা হলো, বিশ্বকাপে তারা কখনও ভারতের বিপক্ষে জিততে পারেননি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছি।’

২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই ম্যাচে ভারত জাতীয় ক্রিকেট দলকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে সেটিই ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়। এর আগে বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হলেও ভারতকে হারাতে পারেনি শহীদ আফ্রিদিরা।

এদিকে নামিবিয়ার বিপক্ষে শাদাবের পারফরম্যান্সও ছিল জবাব দেওয়ার মতোই দৃঢ়। ২২ বলে অপরাজিত ৩৬ রানের ঝলমলে ইনিংস, বল হাতে ৩ উইকেট, সঙ্গে আউটফিল্ডে একটি ক্যাচ। সব মিলিয়ে তিনি ছিলেন ম্যাচের অন্যতম সেরা। তবে ব্যক্তিগত সমালোচনা নিয়ে তার সুর শান্ত, কিন্তু আত্মবিশ্বাসী।

সাবেক ক্রিকেটারদের সমালোচনা প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, ‘সমালোচনা নিয়ন্ত্রণ করা যায় না। আমি ফিরে আসার পর একটা ওভার খারাপ গিয়েছিল—সেটার জন্যই এত কথা। কিন্তু আমাকে কিছু প্রমাণ করতে হবে না। আমি যেটা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটাতেই মন দেই।’

এমআই