বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৭
ভারতের বিপক্ষে পাকিস্তানের হার, যুক্তরাষ্ট্রের টানা দুই জয়। তাতে নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বেই বাঁচা-মরার লড়াইয়ে পড়েছিল পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করতে পাকিস্তানকে ম্যাচ জিততেই হতো। তবে অঘোষিত ফাইনালে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সেরা আট নিশ্চিত করেছে সালমান আঘার দল।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। দলটির হয়ে শতক হাঁকিয়েছেন ওপেনার শাহিবজাদা ফারহান। বিশ্বকাপে এটা পাকিস্তানের দ্বিতীয় সেঞ্চুরি। জবাবে ১৭ ওভার ৩ বলে ৯৭ রান করে অলআউট হয় নামিবিয়া। তাতে ১০২ রানের বড় জয় পায় পাকিস্তান।
বড় রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলে তারা। ৯ রান করে ফ্রাইলিঙ্ক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার লরেন স্টিঙ্ক্যাম্প করেছেন ২৩ রান। এরপর ধস নামে নামিবিয়ার ইনিংসে। মিডল অর্ডারের কেউ দাঁড়াতেই পারেননি। স্টিঙ্ক্যাম্প ছাড়া একমাত্র ব্যাটার হিসেবে আলেক্সন্ডার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
পাকিস্তানের হয়ে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন উসমান তারিক ও শাদাব খান। দুই স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। এছাড়া শাহিন আফ্রিদির পরিবর্তে দলে আসা সালমান মির্জাও পেয়েছেন উইকেটের দেখা।
এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১৪ রান করে সাইয়ুম আইয়ুব ফিরলেও আরেক ওপেনার শাহিবজাদা ফারহান সেঞ্চুরি পেয়েছেন। ৩৭ বলে ফিফটি করা এই ওপেনার তিন অঙ্ক ছুঁয়েছেন ৫৭ বলে। ফারহান ছাড়াও রান পেয়েছেন সালমান আলি আগা ও শাদাব খান। অধিনায়ক ৩৮ ও শাদাব করেছেন ৩৬ রান।
এমআই