Advertisement
Us Bangla Airlines
ইমরানের চিকিৎসার জন্য পাকিস্তানকে ১৪ তারকার চিঠি

ইমরানের চিকিৎসার জন্য পাকিস্তানকে ১৪ তারকার চিঠি

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৯

ক্রিকেটের মাঠে যাঁরা একসময় নেতৃত্ব দিয়েছেন, এবার তাঁরা একসঙ্গে কলম ধরলেন মানবিক আবেদন নিয়ে। পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের কাছে খোলাচিঠি পাঠিয়েছেন বিশ্বের ১৪ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।

চিঠিটি পাঠানো হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে। তাঁদের স্পষ্ট অনুরোধ, কারাবন্দী ইমরানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবিক পরিবেশে রাখা হোক এবং তাঁর পছন্দের যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দ্রুত ও নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা হোক।

অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এইজ এর প্রতিবেদনে জানানো হয়েছে, চিঠিটির খসড়া করেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। এতে স্বাক্ষর করেছেন ইয়ান চ্যাপেল, সুনীল গাভাস্কার, মাইক ব্রিয়ারলি, ক্লাইভ লয়েড, কপিল দেব, অ্যালান বোর্ডার, ডেভিড গাওয়ার, মাইকেল আথারটন, নাসের হুসেইন, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক।

চিঠিতে তাঁরা লিখেছেন, সাম্প্রতিক সময়ে ইমরানের চোখের সমস্যার খবর তাঁদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। পরিবারের দাবি, কারাগারে চিকিৎসায় অবহেলার কারণে তাঁর একটি চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত আড়াই বছরে বন্দিজীবনের পরিস্থিতিও তাঁদের দুশ্চিন্তা বাড়িয়েছে।

ক্রিকেটার হিসেবে ইমরানের অবদান স্মরণ করে তাঁরা উল্লেখ করেছেন, ১৯৯২ সালে তাঁর নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয় ছিল দক্ষতা, নেতৃত্ব ও অদম্য মানসিকতার এক উজ্জ্বল উদাহরণ। অনেকেই লিখেছেন, কেউ তাঁর বিপক্ষে খেলেছেন, কেউ তাঁর অলরাউন্ড নৈপুণ্যে অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু ক্রিকেট ইতিহাসে তিনি সেরাদের একজন, এতে সন্দেহ নেই।

চিঠিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক মতভেদ থাকলেও ইমরান গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, এই মর্যাদাটুকু যেন অক্ষুণ্ন রাখা হয়। পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া এবং আইনি প্রক্রিয়ায় অযথা বিলম্ব না করার আহ্বানও জানানো হয়েছে।

এমআই