Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন টেইলর

বিশ্বকাপে এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন টেইলর

খেলা ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৩

দীর্ঘ বারো বছর পর বিশ্বকাপের আসরে ফেরা। প্রত্যাবর্তনের আবেগ, নতুন করে নিজেকে প্রমাণের তাগিদ—সব মিলিয়ে গল্পটা হতে পারত রঙিন। কিন্তু সেই গল্প থেমে গেল এক ম্যাচেই। ঊরুর পেছনের পেশির চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ তারকা ব্রেন্ডন টেইলর।

কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে কয়েন নিক্ষেপের সময় দুঃসংবাদটি জানান অধিনায়ক সিকান্দার রাজা। তিনি নিশ্চিত করেন, পেশির চোটের কারণে টেইলরকে আর এই আসরে পাওয়া যাবে না। চল্লিশ বছর বয়সী টেইলর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ বলে ৩১ রান করেছিলেন। 

ইনিংসের মাঝেই দৌড়াতে গিয়ে অস্বস্তি দেখা দেয়। শেষ পর্যন্ত অসমাপ্ত ইনিংস রেখেই মাঠ ছাড়তে হয় তাঁকে। উইকেটের পেছনে তিনটি ক্যাচ নিয়ে দায়িত্বশীল উপস্থিতি জানান দিলেও সেই ম্যাচেই ধরা পড়ে চোটের প্রকৃতি।

জিম্বাবুয়ে এখনো তাঁর বিকল্প ঘোষণা করেনি। ‘বি’ গ্রুপে তাদের সামনে রয়েছে আরও দুটি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন তাদিওয়ানাশে মারুমানি। টেইলরের জায়গায় দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার টনি মানইয়োঙ্গা।

দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। ফেরার পর টেস্ট ও এক দিনের ম্যাচ খেলেছেন, টি-টোয়েন্টিতেও ছিলেন নিয়মিত। বিশ্বকাপ বাছাইপর্বে বতসোয়ানার বিপক্ষে ১২৩ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন তিনি।

ফেরার স্বপ্ন ছিল দীর্ঘ পথচলার। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সেই অধ্যায় থেমে গেল মাত্র এক ম্যাচেই। জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা, আর টেইলরের জন্য অপূর্ণতার আরেক অধ্যায়।

এমআই