Advertisement
Us Bangla Airlines
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৩

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক মো. আমিনুল হক। আর এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অভিষেকের পরই তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমিনুল হকের মতো একজন স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, ‘জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থেকে তিনি খেলোয়াড়দের বাস্তবতা, চ্যালেঞ্জ ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি ধারণা রাখেন।’

একসময় মাঠের ভেতর নেতৃত্ব দিয়েছেন, এখন ক্রীড়াঙ্গনের নীতিনির্ধারণী আসনে। সাবেক অধিনায়ক থেকে রাষ্ট্রীয় দায়িত্ব—এই পথচলাকে দেশের ক্রীড়ার জন্য ‘তাৎপর্যপূর্ণ মুহূর্ত’ হিসেবে দেখছে বিসিবি। বোর্ডের বিশ্বাস, একজন ক্রীড়াবিদ হিসেবে আমিনুল হকের অভিজ্ঞতা দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন প্রতিমন্ত্রী ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিসিবি। লক্ষ্য একটাই, দেশের সব স্তরে খেলাধুলার উন্নয়ন এবং ক্রীড়াবিদদের জন্য ধারাবাহিক অগ্রগতি ও বিস্তৃত সুযোগ নিশ্চিত করা।

এমআই