Advertisement
Us Bangla Airlines
আনুষ্কা শর্মার ঝড়ের পরও আমিরাতের কাছে হারল ভারত
নারী এশিয়া কাপ রাইজিং স্টারস

আনুষ্কা শর্মার ঝড়ের পরও আমিরাতের কাছে হারল ভারত

খেলা ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বে ভারতকে বড় ব্যবধানে হারাল সংযুক্ত আরব আমিরাত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই ভারতকে উড়িয়ে দিয়েছে আমিরাতের নারীরা। তাতে চার বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেছে আরব আমিরাত।

থাইল্যান্ডের ব্যাংককে টসের পর ব্যাট হাতে নামে ভারত। কিন্তু শুরুটা ছিল ভাঙাচোরা। ২৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ওপেনার হুমাইরা কাজী ফেরেন ৩ রান করে, তেজা হাসাবনিস ১, আর দিনেশ ভ্রিন্দার করেন ১৬। মিডল অর্ডারও আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ইনিংস দাঁড়ায় টালমাটাল ভিত্তির ওপর।

একপ্রান্ত আগলে লড়াই চালান আনুষ্কা শর্মা। ৪৭ রানের ইনিংসে তিনিই ছিলেন ভরসার আলো। শেষদিকে তানুজা কানওয়ারের ৩৪ রানে কোনোমতে ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান তোলে ভারত। আমিরাতের হয়ে তিন উইকেট নিয়ে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন সামাইরা।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল আমিরাত। ওপেনিং জুটিতে আসে ৪০ রান। থেরথা সাতিস ১০ রান করে ফিরলেও ইনিংসের নিয়ন্ত্রণ নেন দলনেতা এশা ওঝা। সামাইরাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৭১ রানের জুটি, সেখানেই ম্যাচ কার্যত হাতছাড়া ভারতের।

ফিফটি পূরণের পর এশা ওঝা অপরাজিত থাকেন ৭২ রানে। শেষদিকে ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন হেনা হটচান্দানি। ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সংযুক্ত আরব আমিরাত। ভারতের হয়ে একটি করে উইকেট নেন রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার।

এমআই