Advertisement
Us Bangla Airlines
শেষ ওভারে ১২ রান তুলে জিতল বাংলাদেশ

শেষ ওভারে ১২ রান তুলে জিতল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৪

জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৪ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন লক্ষ্যকে মামুলিই বলা চলে। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ ‘বি’ পর্বে সহজ লক্ষ্যের ম্যাচে লড়াই করে জিতল বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে চার-ছক্কা হাঁকিয়ে ১২ রান সংগ্রহ করে বাংলাদেশকে জয় এনে দেন ফারজানা ইয়াসমিন।

ম্যাচে থাইল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ নারী দল এক বল ও তিন উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে। এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘বি’ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশের দল, ২ ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে। অন্যদিকে সমান ২ পয়েন্ট সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

লো-স্কোরিং ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও, ইনিংসের মাঝপথে দলনেতা ফাহিমা খাতুন ও লতা মণ্ডল গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের হাল ধরে রাখেন। শেষ দিকে ফারজানার সাহসী ব্যাটিংই ম্যাচ ঘুরিয়ে দেয়।

শেষ ওভারে ১২ রান তুলে জিতল বাংলাদেশ

শেষ ৬ ওভারে মাত্র ৩২ রান প্রয়োজন ছিল, হাতে ছিল পাঁচ উইকেট। কিন্তু শেষ ওভারে দরকার পড়ে ১২ রানের। মন্থর পিচে যা প্রায় অসম্ভব মনে হলেও, শেষ ওভারেই দ্বিতীয় বলে চার এবং তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ফারজানা জয় নিশ্চিত করেন।

ব্যক্তিগতভাবে লতা মণ্ডল সর্বোচ্চ ৩০ রান করেন, শারমিন সুলতানা করেন ২৬ এবং ফারজানা ইয়াসমিন অপরাজিত ২৩ রানে জয় এনে দেন। ফাহিমা ১২ রান করেন।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন নান্নাপাত কোনছারেনকাই (৩৪) ও নাটথাকান ছানথাম (২৪)। বাংলাদেশের হয়ে ফাহিমা ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন, তিনজন বোলার নেন একটি করে উইকেট।

এমআই