Advertisement
Us Bangla Airlines
রেকর্ডের পর রেকর্ড গড়ে জয় পেল আয়ারল্যান্ড

রেকর্ডের পর রেকর্ড গড়ে জয় পেল আয়ারল্যান্ড

খেলা ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮

টি–টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচেই রেকর্ডের পর রেকর্ড গড়লো আয়ারল্যান্ড। আজ কলম্বোর এসএসসি গ্রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে আয়ারল্যান্ড নির্ধারিত ওভার শেষে করেছে ২৩৫ রান। জবাবে প্রতিদ্বন্দ্বী ওমান ১৮ ওভারে সংগ্রহ করল মাত্র ১৩৯, ফলে ৯৬ রানের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড।

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও চলমান, তবে ইতিমধ্যেই দেখা গেছে পাঁচটি দুইশো’র ওপরে দলীয় স্কোর। এতবার দুইশোর বেশি রান দেখা গিয়েছিল শুধু ২০০৭ বিশ্বকাপে। বিশ্বকাপের উদ্বোধনী আসরের পর এবারই প্রথম দলীয় রানে এত বেশি প্রভাব দেখা গেল।

আইরিশদের শুরুটা সহজ ছিল না। টপ অর্ডারে প্রথম ৫ ওভারে ৩ উইকেট পড়ে ৪৫ রানে। ৭.৩ ওভারে চতুর্থ উইকেটও পড়ে ৬৪ রানে। টিম টেক্টর (৫), রস আদাইর (১৪), হ্যারি টেক্টর (১২) ও কার্টিস ক্যাম্ফার (১৪) খুব কম রানেই ফিরে গেছেন। তবে এরপর ঘটে রেকর্ড গড়া জুটি।

পঞ্চম উইকেটে অধিনায়ক লোরকান টাকার ও গ্যারেথ ডেলানি ৫৬ বলে ১০১ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে টাকারের সঙ্গে জর্জ ডকরেল ১৯ বলে ৭০ রান করে ম্যাচ সম্পূর্ণ দখলে নেন। টাকার ৪ ছক্কা ও ১০ চারে ৫১ বলে অপরাজিত ৯৪, ডেলানি ৩০ বলে ৫৬, আর ডকরেল ৯ বলে অপরাজিত ৩৫ রান করেন।

শেষ ৫ ওভারে আয়ারল্যান্ড তুলেছে ৯৩ রান, যা টি–টুয়েন্টি বিশ্বকাপে ডেথ ওভারে তৃতীয় সর্বোচ্চ। এছাড়া, টাকার–ডকরেলের জুটি ওভারপ্রতি ২২.১০ রানের হারে রান তুলেছে। এর আগে কোনো জুটি বিশ্বকাপে এত দ্রুত রান তুলতে পারেনি। তারা ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার মাইক হাসি–মিচেল জনসনে জুটি ওভারপ্রতি ১৯.৮৭ হারে রান করেছিলেন।

ওমানও শুরুতে প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। ১০ ওভারে ২ উইকেটে ৮৫ রানে ভালো অবস্থানে ছিল তারা। কিন্তু পরের ৮ ওভারে ৫৪ রানে ৮ উইকেট হারিয়ে অলআউট হয়। ওপেনার আমির কলিম করেন ২৯ বলে ৫০, আর হাম্মাদ মির্জা ৩৭ বলে ৪৬ রান করেন। কলিম আইসিসি টুর্নামেন্টে ৪৪ বছর ৮৬ দিনের বয়সে ফিফটির রেকর্ড স্থাপন করেছেন।

এমআই