বিশ্বকাপ না খেলেও আইসিসি থেকে টাকা পাচ্ছে বাংলাদেশ?
খেলা ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭
ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্ট থেকেই বাদ পড়েছিল বাংলাদেশ। মাঠে নামার সুযোগ না পেলেও প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি কি পুষিয়ে দেবে আইসিসি? সাম্প্রতিক আলোচনায় উঠে আসা তথ্য বলছে, বিশ্বকাপ না খেলেও আইসিসি থেকে অর্থ পাওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশ।
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরপরই বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের প্রতি অবিচারের প্রতিবাদে তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায়, যা বিশ্ব ক্রিকেটে তৈরি করে বড় ধরনের অচলাবস্থা।
এনডিটিভি সূত্রে জানা গেছে, সেই অচলাবস্থা নিরসনে লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পিসিবি তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে। দাবিগুলোর কেন্দ্রবিন্দুতেই ছিল বাংলাদেশ। পিসিবির প্রথম শর্ত, বিশ্বকাপ থেকে বাদ পড়ায় বাংলাদেশকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।
দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ না নিলেও বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করতে হবে। তৃতীয় দাবি হিসেবে ভবিষ্যতে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়ার কথাও বলা হয়েছে। তাতে পাকিস্তানের দাবি মানলে বিশ্বকাপ না খেলেও আইসিসি থেকে টাকা পেতে পারে বাংলাদেশ।
এদিকে সংকট সমাধানে রোববার লাহোরে অনুষ্ঠিত হয় আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান বাংলাদেশের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোয় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পাকিস্তানি গণমাধ্যম জিও টিভির দাবি, বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইসিসি। সংকট কাটাতে একটি সমাধানসূত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে তারা। বিসিবি সূত্রে জানা গেছে, পরবর্তী করণীয় নির্ধারণে আজ বিকেলেই আবার আলোচনায় বসার কথা ছিল আইসিসি ও বিসিবির কর্মকর্তাদের।
এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে পারেন।
এমআই