বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত
খেলা ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬
বিশ্বকাপের মঞ্চে নামার ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল ভারত। বিশ্বকাপ শুরুর আগে চোটে পড়েছেন দলের অন্যতম ভরসার পেসার হার্ষিত রানা। আগামী শনিবার পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের, তার এক দিন আগেই উদ্বেগে কপালে ভাঁজ ভারতীয় শিবিরে।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছিলেন হার্ষিত। কিন্তু ম্যাচে তিনি থাকতে পারলেন খুব অল্প সময়ই। মাত্র এক ওভার বল করে ১৬ রান দেওয়ার পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন এই পেসার। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর।
এক ওভারেই স্পষ্ট হয়ে ওঠে চোটের লক্ষণ। রান-আপ নিতে গিয়ে দুইবার মাঝপথে থেমে যান হার্ষিত। কিছুক্ষণ পর তাঁকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। ডাগআউটে তখন উদ্বেগ, সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদের চোখেমুখেও ছিল দুশ্চিন্তার ছাপ।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে হার্ষিতের চোটের মাত্রা ঠিক কতটা গুরুতর, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এদিকে ভারতের চিন্তা নতুন নয়। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের চোট নিয়েও আগে থেকেই শঙ্কা ছিল। তার ওপর হার্ষিত রানার এই নতুন ধাক্কা বিশ্বকাপের ঠিক আগে ভারতের দুশ্চিন্তার পাল্লা আরও ভারী করে তুলেছে। তবে আশার খবর, চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিলক ভর্মা।
এমআই