ক্রিকেটে যুক্ত হচ্ছে যেসব নতুন নিয়ম
খেলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭
ক্রিকেটের আইনে আসছে বড়সড় ঝাঁকুনি। খেলার মৌলিক কাঠামো অক্ষত থাকলেও একসঙ্গে একগাদা নিয়মে পরিবর্তন আনছে মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ২০২৬ সালের অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। স্টাম্পিং থেকে শুরু করে ডেড বল, হিট উইকেট, উইকেটকিপারের অবস্থান-সবই সংস্কার হয়েছে নতুন আইনের আওতায়।
সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে রানআউট ও স্টাম্পিংয়ের বল নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনে। এতদিন বল হাতে বা গ্লাভসে লেগে থাকলেই উইকেট ভাঙলে আউট দেওয়ার সুযোগ ছিল, যা নিয়ে বিতর্ক কম হয়নি। সংশোধিত আইনে স্পষ্ট করা হয়েছে—উইকেট ভাঙার মুহূর্তে বলটি অবশ্যই উইকেটরক্ষক বা ফিল্ডারের পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে।
টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভার নিয়েও এসেছে বড় পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, দিনের শেষ ওভারে কোনো উইকেট পড়লেও ওভারটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ, উইকেট পড়ার সঙ্গে সঙ্গে আর স্টাম্পস ঘোষণা করা যাবে না; নতুন ব্যাটারকে ওভারের বাকি বলগুলো খেলতেই হবে। এতদিন শেষ মুহূর্তে উইকেট পড়লেই দিন শেষ করে দেওয়া হতো।
উইকেটকিপারের অবস্থান সম্পর্কেও নিয়ম স্পষ্ট করা হয়েছে। এখন থেকে বল ছাড়ার সময় উইকেটকিপারকে স্ট্রাইকে থাকা ব্যাটারের স্টাম্পের পুরো পেছনে থাকতে হবে। এছাড়া বল মাটিতে স্থির থাকলে বা কোনো নন-উইকেটকিপার ফিল্ডারের হাতে থাকলেও আম্পায়ার প্রয়োজনে ডেড বল ঘোষণা করতে পারবেন।
হিট উইকেট আইন আরও কঠোর হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে, শট খেলার পর ব্যাটসম্যান ভারসাম্য হারিয়ে নিজেই স্টাম্পে পড়লে সেটি হিট উইকেট হিসেবে গণ্য হবে। তবে কোনো ফিল্ডারের সরাসরি সংস্পর্শে উইকেট ভাঙলে ব্যাটার সুরক্ষা পাবেন, সে ক্ষেত্রে সিদ্ধান্ত হবে নট আউট।
ওভারথ্রো ও মিসফিল্ডের সংজ্ঞা আলাদা করে পরিষ্কার করা হয়েছে। রানআউটের চেষ্টা বা অতিরিক্ত রান ঠেকাতে করা থ্রো থেকেই কেবল ওভারথ্রো গণ্য হবে। থ্রোর পর মিসফিল্ড হলে সেটি আর ওভারথ্রো হিসেবে বিবেচিত হবে না।
আইসিসি ইতোমধ্যে যেসব প্রথা চালু করেছে, সেগুলোকেও এবার আইনে যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে বল ধরার পর মাঠে নামার সময় পরবর্তী সব স্পর্শই মাঠের ভেতরে হতে হবে। মাঠের বাইরে গিয়ে বলা ধরার চেষ্টা করা হলে তা বাউন্ডারি হিসেবে গণ্য হবে।
এমআই