‘বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান’
খেলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ২১:১৯
নিরাপত্তা শঙ্কার কথা তুলে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিদ্ধান্তের জেরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পুরো ঘটনাপ্রবাহ ঘিরে এবার তীব্র মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল।
বাংলাদেশ চেয়েছিল বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন করে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচগুলো আয়োজন করতে। এই প্রস্তাবে একমাত্র সমর্থন দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়।
আইসিসির অবস্থান ছিল স্পষ্ট। বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ। একাধিকবার সুযোগ পেয়ে নিজেদের মত বদলায়নি বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয় আইসিসি।
এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আইসিসি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান তাদের (বাংলাদেশকে) ভুল পথে পরিচালিত করেছে। এতে স্কটল্যান্ডের জন্য বড় সুযোগ তৈরি হলো। তারা অনেক বেশি এক্সপোজার পাবে। বাংলাদেশ একটা বিরাট ভুল করে ফেলেছে।’
ইন্ডিয়া টুডেকে দেওয়া আরেক প্রতিক্রিয়ায় আরও কঠোর ভাষায় নিজের মত জানান মদন লাল। তিনি বলেন, ‘আমার কাছে এটা একেবারেই বোকামি সিদ্ধান্ত। এতে ভারতের কোনো ক্ষতি হবে না, বরং বাংলাদেশই সব হারাবে। বাণিজ্যিক দিক থেকে এত বড় টুর্নামেন্টে না খেলাটা বাংলাদেশের জন্য বিশাল লোকসান।’
পাশাপাশি পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটার। মদন লালের ভাষায়, ‘আমার মনে হয় পাকিস্তান বাংলাদেশকে প্ররোচিত করছে, যাতে তারা টুর্নামেন্টে অংশ না নেয়। তাদের লক্ষ্য একটাই, ভারতকে নিচে নামানো।’
এমআই