Advertisement
Us Bangla Airlines
রিয়াল ছাড়ার পর মুখ খুললেন জাবি আলোনসো

রিয়াল ছাড়ার পর মুখ খুললেন জাবি আলোনসো

খেলা ডেস্ক

১৩ জানুয়ারি ২০২৬, ২৩:০২

রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর অবশেষে নীরবতা ভাঙলেন জাবি আলোনসো। সাত মাসেই শেষ হয়ে গেছে তিন বছরের চুক্তি, তবে বিদায়ের কথায় নেই কোনো অভিযোগ, নেই আক্ষেপের সুর। গুঞ্জনে ভরা বাজারের মাঝেও ক্লাব, খেলোয়াড় কিংবা সমর্থকদের দিকে আঙুল তোলেননি রিয়ালের সাবেক এই মিডফিল্ডার।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের পরদিনই আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াল। সংক্ষিপ্ত এই অধ্যায় শেষে মূল দলের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। বিদায়ের পর প্রথমবার ব্যক্তিগত বার্তায় রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের উদ্দেশে নিজের অনুভূতির কথা জানান আলোনসো।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘এই পেশাদার অধ্যায়টি শেষ হয়ে গেল। এটা আমাদের প্রত্যাশামতো হয়নি। রিয়াল মাদ্রিদকে কোচিং করানো প্রতিদিনই ছিল আমার জন্য সম্মান এবং এক বিশাল দায়িত্ব।’

ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোনসো আরও বলেন, ‘ক্লাব, খেলোয়াড় এবং সর্বোপরি মাদ্রিদ সমর্থকদের আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর নিজের সর্বোচ্চটা দেওয়ার গর্ব নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত বছরের জুনে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেন আলোনসো। সাবেক ফুটবলার হিসেবে ‘ঘরের ছেলে ঘরে ফেরা’—এই আবেগ আর প্রত্যাশা নিয়েই শুরু হয়েছিল তার যাত্রা। বায়ার লেভারকুসেনে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দারুণ সাফল্যের পর রিয়াল সমর্থকরাও তাঁর কাছ থেকে বড় কিছুর স্বপ্ন দেখেছিলেন।

কিন্তু মাঠের ফলাফল সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি। লিগ ও কাপ—দুই মঞ্চেই পারফরম্যান্সে ছিল ওঠানামা। শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে হারই আলোনসোর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এনে দেয়। রিয়ালের সঙ্গে পথচলা তার অল্পতেই থেমে যায়।

এমআই