Advertisement
Us Bangla Airlines
রিশাদের প্রশংসা করে যা বললেন হোবার্টের অধিনায়ক

রিশাদের প্রশংসা করে যা বললেন হোবার্টের অধিনায়ক

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ১৫:১০

ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ নিয়মিত একাদশে থাকলেও টুর্নামেন্টের শেষভাগে তাকে পাচ্ছে না হোবার্ট হ্যারিকেনস। তবে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন অধিনায়ক নাথান ইলিস। কারণ তাদের ডাগআউটে আছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। চলতি বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যান্সে হোবার্টের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। 

রেহান না থাকলেও দলের স্পিন আক্রমণ যে দুর্বল হবে না, সে বিশ্বাস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ইলিস। গতকাল ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে গিয়ে হোবার্টের অধিনায়ক বলেন, ‘আমরা হয়তো টুর্নামেন্টের শেষের দিকে রেহানকে পাচ্ছি না, কিন্তু আমাদের রিশাদ আছে। সে খুবই ভালো মানের বোলার।’

দেশের মাটিতে বিপিএল চললেও নিজের ক্রিকেটের উন্নতির কথা ভেবে সেই আসর ছেড়ে বিগ ব্যাশে খেলার সিদ্ধান্ত নেন রিশাদ। পুরো মৌসুমের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র নিয়েই অস্ট্রেলিয়ায় পা রাখেন তিনি। বিগ ব্যাশে প্রতি ম্যাচেই বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন এই স্পিনার।

গতকাল অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন রিশাদ। বল হাতে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সের পর অধিনায়ক ইলিস বলেন, ‘আমরা জানতাম ক্রিস লিন ও ম্যাথু শর্ট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। আমি আবারও আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতে চাই। এ বছর তারা আমাদের জন্য অসাধারণ কাজ করছে। দুজনই বিশ্বমানের।’

রিশাদের মানসিকতা নিয়ে সন্তুষ্ট হোবার্ট অধিনায়ক। তিনি বলেন, ‘ঐতিহ্যগতভাবে এই উইকেট খুব ভালো। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের স্পিনারদের গতি আর বৈচিত্র্যে একটা রহস্য তৈরি হয়েছে। মাঠের একটা দিক ছোট ছিল। কিন্তু যখনই রিশাদকে ডেকেছি, সে হাসিমুখে বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা সত্যিই দারুণ অনুভূতি।’

এখন পর্যন্ত টুর্নামেন্টে হোবার্টের হয়ে সবকটি ম্যাচ খেলেছেন রিশাদ। ৮ ম্যাচে ৭.৬৩ ইকোনমি রেটে শিকার করেছেন ১১ উইকেট। দলের হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল নাথান ইলিসের (১২ উইকেট)। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারি জেক এডওয়ার্ডের উইকেট সংখ্যা ১৪।

এমআই