Advertisement
Us Bangla Airlines
সাকিবকে কেন জাতীয় দলে খেলাতে চায় বিসিবি?

সাকিবকে কেন জাতীয় দলে খেলাতে চায় বিসিবি?

খেলা ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৬, ১১:০৬

নিরাপত্তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো বাদ পড়ল বাংলাদেশ। এর মাঝেই আলোচনায় সাকিব আল হাসান। দীর্ঘদিনের অনিশ্চয়তা, বিতর্ক আর গুঞ্জনের পর অবশেষে জাতীয় দলে সাকিবকে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সিরিজগুলোতে সাকিবকে বিবেচনায় রাখা হবে বলেও জানিয়েছে বোর্ড।

শনিবার (২৪ জানুয়ারি) জরুরি বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানিয়েছেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানের এভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও এক্সেসিবিলিটি বিবেচনায় রেখে তাকে পরবর্তী সময়ের দল নির্বাচনে রাখা হবে। 

আমজাদ হোসেন বলেন, ‘যেখানে খেলা হবে, সেখানে সাকিবের উপস্থিত থাকার সক্ষমতা থাকলে নির্বাচক প্যানেল অবশ্যই তাকে ভাবনায় রাখবে। একই সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বিসিবি সাকিবকে এনওসিও দেবে।’

এতেই শেষ নয়। বিসিবি সাকিবকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দিয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতা নিয়ে বোর্ড সরকারের সঙ্গে আলোচনায় বসবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপ ইস্যুর টালমাটাল আবহে হঠাৎ করে সাকিব প্রসঙ্গ কীভাবে আলোচনায় এলো সে ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশন্স বিভাগের ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা ও গ্রেডিং (এ, বি, সি) নিয়ে আলোচনার সময়ই একজন পরিচালক প্রস্তাব তোলেন সাকিবের নাম। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আগ্রহী এবং তিনি জাতীয় দলে ফিরতে চান। তার সঙ্গে কথা বলেই বিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে।’

জাতীয় দলে যে কারণে খেলবেন সাকিব

জাতীয় দলে আচমকা সাকিবকে ফেরানোর গল্পে উঠেছে নানান প্রশ্ন। বিশ্বকাপ থেকে বাদ পড়ার দিনে এমন ঘোষণা দিয়ে নানান প্রশ্নের সম্মুখীনও হয়েছে বিসিবি। সবমিলিয়ে দেশের ক্রীড়াঙ্গনে এখন বড় খবর, জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। তবে এতেও প্রশ্ন থেকে যাচ্ছে। গত দেড় বছরে সাকিবকে আমলে না নেওয়া বিসিবি হঠাৎ কেন সাকিবকে চায়?

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়টি ধামাচাপা দিতে সাকিবকে আলোচনায় এনেছে বিসিবি। গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলা হলেও বিসিবি সদুত্তর দিতে পারেননি। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত একান্তই বিসিবি ও বাংলাদেশ সরকারের। ফলে সাকিবকে টেনে বিশ্বকাপ ইস্যু ধামাচাপা দেওয়ার বিষয় থাকতে পারে।

ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করতে পারে বিসিবি। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অবস্থা হ-য-ব-র-ল। দলে অভিজ্ঞ ক্রিকেটার ও প্রকৃত অলরাউন্ডারের সংকটে রয়েছে বাংলাদেশ। সেদিক থেকে বড় সমাধান হতে পারেন এককালের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন ভিন্ন কথা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সে দেশে এসে রিটায়ার করার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’

সাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। এমনকি দেশের মাটিতে খেলার বিষয়ে সাকিবের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি বলেন,  ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে তাকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এমআই