Advertisement
Us Bangla Airlines
বিপিএলে ২০০ রানের ইনিংস না দেখার ব্যাখ্যা দিল বিসিবি

বিপিএলে ২০০ রানের ইনিংস না দেখার ব্যাখ্যা দিল বিসিবি

খেলা ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩১

এক মাসজুড়ে চলা ক্রিকেটযজ্ঞের পর পর্দা নেমেছে বিপিএলের। নাটক, উত্তেজনা, বিতর্ক আর রোমাঞ্চ; সবকিছু মিলিয়েই শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। গতবারের তুলনায় বিতর্ক কমলেও একপেশে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।

আমেজ আর উৎসবে শেষ হওয়া বিপিএল নিয়েও থাকছে প্রশ্ন। পুরো টুর্নামেন্টে ২০০ রানের একটি ইনিংসও দেখা যায়নি। ৩৪ ম্যাচের বিপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রান ছিল ১৯৮, চট্টগ্রামের ব্যাটাররা করেছিল সেই স্কোর। ধুমধাড়াক্কা টি-টোয়েন্টির যুগে ২০০ রান না হওয়া নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আমজাদ হোসেন। তিনি বলেন, ‘বিপিএলে সাধারণত চট্টগ্রামে বেশি রান হয়। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুতে খেলা স্থগিত থাকায় শেষ পর্যন্ত চট্টগ্রামে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। ফলে সেই রানবন্যার সুযোগও আসেনি। অন্যদিকে সিলেট ও ঢাকার উইকেট ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

তিনি আরও জানান, ‘ঢাকায় টনি হেমিং আসার পর পিচ নিয়ে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফাইনাল ম্যাচে এক দল বড় রান করেছে, সেঞ্চুরি এসেছে, অন্য দল পারেনি। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমেই মূলত ক্রিকেটারদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

বিপিএলে সাধারণত চট্টগ্রাম ও সিলেট ভেন্যুতে সবচেয়ে বেশি রানের দেখা মিলে। চলতি আসরের সিলেটে টানা ২৪ ম্যাচ খেলায় উইকেট কিছুটা মন্থর হয়ে পড়েছিল। অন্যদিকে, চট্টগ্রামে বিপিএল ম্যাচ স্থগিত হওয়ায় রানবন্যার ম্যাচ মিস করেছে দর্শক-ভক্তরা।

এমআই