দুদকে ভক্তদের অভিযোগপত্র জমা নিয়ে মুখ খুললেন সাকিব
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৮
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচেষ্টায় দেশে ফিরতে চলেছেন সাকিব আল হাসান। তবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুদক কার্যালয়ে একদল সাকিব ভক্ত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এমন ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছেন সাকিব আল হাসান।
২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন সাকিব। এরপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ খেলে অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন এই ক্রিকেটার। তবে মিরপুর স্টেডিয়ামের বাইরে শ’খানেক মানুষ ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ করলে নিরাপত্তা শঙ্কায় দেশে আসা হয়নি তার।
যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সাকিব। তবে সরকারের অনুমতি না পাওয়ায় দুবাই থেকে ফিরে যান তিনি। সাকিবকে দেশে ফেরাতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিরোধিতা করেছিলেন বলে গুঞ্জন ছিল। গেল বছর ফেসবুকে পোস্ট করে সেটাই যেন প্রমাণ করেছিলেন তিনি।
২০২৫ সালে আওয়ামী লীগের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে পুনরায় আলোচনা ওঠে। এমনকি শেখ হাসিনাসহ নিজের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন সাকিব। এরপর ফেসবুকে সাকিবকে নিয়ে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’
নতুন সরকার আসার পর আসিফ যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে নেই, কিন্তু সাবেক অধিনায়কের ভক্তদের ক্ষোভের প্রভাব এখনও রয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার আসিফ মাহমুদের নামে দুনীর্তির অভিযোগ এনে লিখিত অভিযোগপত্র জমা দেন ২০–৩০ জনের সাকিব ভক্ত। এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন সাকিব।
দুদকে অভিযোগপত্র জমা নিয়ে সাকিব বলেন, ‘আমি মাত্র সেহেরি করতে উঠলাম। ঘটনাটা আমার চোখে পড়েছে। তবে আমি জানি না কারা এসব করছে। এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মানুষ যে যেভাবে পারতেছে, আমার নাম ব্যবহার করছে।’
অভিযোগের বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদও। তিনি লিখেছেন, ‘সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত ঠিক কোন ধরণের দুর্নীতি? অথচ এসব ক্ষোভ প্রসূত অভিযোগের ভিত্তিতে মিডিয়া ট্রায়াল হয়ে গেল।’
বর্তমানে বিসিবি সাকিবকে দেশে ফিরিয়ে জাতীয় দলে খেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। দেশের ক্রিকেটের স্বার্থে অযাচিত সব মামলার নিষ্পত্তি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, আইনি লড়াইয়ে জিতলে সাকিবকে মাঠে স্বাগত জানানো হবে।
এমআই