বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৪
বর্ষসেরা হওয়ার দৌড়ে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই তারকা বোলার মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। ২০২৫ সালের বর্ষসেরা পারফরম্যান্সের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। বিভিন্ন বিভাগে সেরা নির্বাচনের জন্য দায়িত্ব পালন করেছে একটি স্বাধীন জুরি বোর্ড।
মেহেদী হাসানের মনোনয়ন এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স বিভাগের জন্য। গত বছর কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১১ রানে চার উইকেট নেন তিনি। এই অসাধারণ বোলিং বাংলাদেশের জয় নিশ্চিত করেছিল।
আন্তর্জাতিক বোলিং বিভাগে শেখ মেহেদীর সঙ্গে এ বিভাগের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন ভারতের বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি।
অন্যদিকে, টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা বোলিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৭ উইকেট নেওয়ার অসাধারণ পারফরম্যান্স তাকে এই স্বীকৃতি এনে দিয়েছে।
তাসকিনের সঙ্গে এ তালিকায় জায়গা পেয়েছেন নাথান ম্যাকএন্ড্রো, নাথান ইলিস, মোহাম্মদ সিরাজ, জস হ্যাজলউড, হারপ্রিত বারিয়ার, রাইলি মারদিতসহ আরও অনেকে।
এমআই