নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
খেলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১
দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া ক্রিকেটের উত্তাপ চোখে পড়ার মতো। ওয়ানডে ফরম্যাটের বিসিএলে চলছে জমজমাট লড়াই। চার দলের উন্মাদনা, খেলোয়াড়দের দাপট, দর্শকের উচ্ছ্বাস। আর এই ব্যস্ততার মাঝেই ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।
গত রোববার বিসিবির পরিচালকরা এক অনলাইন বৈঠকে বসেন। আলোচনার প্রধান বিষয়, গেম ডেভেলপমেন্ট বিভাগের নতুন চেয়ারম্যানের পদ। এই দায়িত্ব এবার পেয়েছেন আসিফ আকবর। এই পদে আসার পথে ছিল ইশতিয়াক সাদেকের পদত্যাগ।
গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আসিফকে দায়িত্বভার দেওয়ার। বিসিবির একটি সূত্র সংবাদটি নিশ্চিত করেছে।
ইশতিয়াক সাদেক ছিলেন ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বিসিবির পরিচালক পদে আসেন। কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় তিনি পদত্যাগের ঘোষণা দেন। যদিও পদত্যাগপত্র এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি। সময়ের সংকটের কারণে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব ঠিকভাবে সামলাতে পারছিলেন না তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার আগে আসিফ আকবর দায়িত্ব পালন করছিলেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট বিভাগের তত্ত্বাবধানে। এবার সেই দায়িত্বের সঙ্গে যুক্ত হলো গেম ডেভেলপমেন্ট। ক্রীড়ার মাঠের মতো প্রশাসনিক অঙ্গনেও এখন নতুন অধ্যায়ের সূচনা হলো আসিফের নেতৃত্বে।
এমআই