পাকিস্তান ম্যাচ বয়কট করায় জরুরি সভা ডেকেছে আইসিসি
খেলা ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ ঘিরে নাটক নতুন মোড় নিল। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পরই জরুরি বোর্ড সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটে তৈরি করেছে তীব্র আলোড়ন।
আগামী ১৫ ফেব্রুয়ারি গ্রুপপর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির বৈঠকের পর সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে মাঠে নামবে না।
এই ঘোষণার পরই আজ ভার্চুয়াল জরুরি বৈঠকে বসছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, তারা পিসিবির আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে পাকিস্তানের সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেছে আইসিসি।
বিশ্লেষকদের মতে, এই বয়কট মূলত আইসিসির ওপর আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরির কৌশল। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভির অভিযোগ, ভারতের ক্রিকেট বোর্ডের প্রভাবেই আইসিসি ‘দ্বিমুখী নীতি’ অনুসরণ করছে।
আইসিসির অবস্থান অবশ্য পরিষ্কার। সংস্থাটির মতে, বৈশ্বিক টুর্নামেন্টে সব দলকেই সমান নিয়ম ও সুযোগের মধ্যে খেলতে হবে। বেছে বেছে ম্যাচে অংশ নেওয়া টুর্নামেন্টের চেতনা ও মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলবে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন নেতিবাচক, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্তের জন্যও হতাশাজনক। আইসিসি আশা প্রকাশ করেছে, পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করবে।
এমআই