রিশাদকে নিয়ে যা বললেন টিম ডেভিড
খেলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫, ২২:৫২
বিগ ব্যাশ লিগে নিজের প্রথম অভিযানে রীতিমতো নজর কাড়ছেন রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নিয়ে যেভাবে একের পর এক ম্যাচে প্রভাব রাখছেন তরুণ এই লেগ স্পিনার, তাতে মুগ্ধ হোবার্ট হারিকেন্স শিবির। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচ শেষে রিশাদকে নিয়ে খোলামেলা প্রশংসা ঝরালেন দলের ম্যাচসেরা টিম ডেভিড।
পার্থের বিপক্ষে ৩ উইকেট নিয়ে হোবার্টের জয়ের অন্যতম নায়ক ছিলেন রিশাদ। কুপার কনোলি ও অ্যারন হার্ডির মতো ব্যাটারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার পর লরি ইভান্সের ঝড়ও থামান তিনি। চার ওভারে ৩৩ রান দিয়ে নেওয়া এই তিন উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে টিম ডেভিড বলেন, ‘অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলতে এসে রিশাদ যেভাবে পারফর্ম করছে, সেটা চোখে পড়ার মতো। তাকে দলে পাওয়া দারুণ ব্যাপার। স্ট্রেটে ছোট বাউন্ডারি থাকলেও আমরা তাকে অনায়াসে বোলিংয়ে আনতে পারি, কারণ সে মেধাবী। তার মধ্যে বিশেষ কিছু গুণ আছে।’
বিপিএলে না খেলে পুরো মনোযোগ বিগ ব্যাশেই দিয়েছেন রিশাদ। ফলও পাচ্ছেন হাতেনাতে। চার ম্যাচে ৬ উইকেট নিয়ে হোবার্টের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। ৭.৫০ ইকোনমি রেটে বোলিং করে স্ট্রাইক রেট ১৪, গড় ১৭.৫০। সংখ্যাগুলোই বলে দিচ্ছে কতটা কার্যকর ছিলেন এই লেগ স্পিনার।
রিশাদের এমন ধারাবাহিক পারফরম্যান্সে চার ম্যাচে তিন জয় নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে গেছে হোবার্ট হারিকেন্স। আর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের তরুণ লেগির উত্থান দেখেই স্বস্তির হাসি টিম ডেভিডের কণ্ঠে। মেধাবী রিশাদ যে দলের বড় শক্তি, ম্যাচ শেষে সেটাই স্পষ্ট করলেন তিনি।
এমআই