Advertisement
Us Bangla Airlines
টিকিট ছাড়াই দেখা যাবে পাকিস্তানের ম্যাচ!

টিকিট ছাড়াই দেখা যাবে পাকিস্তানের ম্যাচ!

খেলা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২

টি-টোয়েন্টি ক্রিকেটের দশম বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল শনিবার। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী এসএসসি গ্রাউন্ডে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচেই পাওয়া গেল খুশির খবর। টিকিট ছাড়াই পাকিস্তানের প্রথম ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচ। উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড, আর শেষ ম্যাচে ভারত খেলবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।

এসএসসি গ্রাউন্ডের ৫ এবং ৭ নম্বর গেট দর্শকদের জন্য খোলা থাকবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দর্শকরা প্রবেশ করতে পারবেন। যেহেতু প্রবেশ ফ্রি এবং আসন সীমিত, তাই মাঠে সময়মতো পৌঁছানোই হবে সবচেয়ে ভালো। বিশেষ করে পাকিস্তানের ম্যাচ হওয়ায় দর্শক উপস্থিতি সম্ভাব্য অত্যধিক হতে পারে।

২০২৬ সালের এই টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। তাই যারা সরাসরি মাঠে উত্তাপের অংশ হতে চান, তাঁদের জন্য উদ্বোধনী দিনে সময়মতো উপস্থিত হওয়াই বুদ্ধিমানের কাজ।

এমআই