Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানকে রাজি করাতে নতুন উদ্যোগ নিল আইসিসি

পাকিস্তানকে রাজি করাতে নতুন উদ্যোগ নিল আইসিসি

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কেটেছে বটে, তবে নতুন করে জট তৈরি করেছে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত। দেশটির সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিশ্বকাপে খেলতে রাজি হলেও, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে মাঠে না নামার অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবির এই সিদ্ধান্ত ঘিরেই এখন সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিক বক্তব্য দিলেও বসে থাকতে দিচ্ছে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ইতোমধ্যে পাকিস্তানকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে আইসিসি।

শুধু অনুরোধেই থেমে থাকেনি তারা, নিজেদের উদ্যোগে শুরু করেছে আলোচনা। এই সংবেদনশীল দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার কাঁধে। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ঘনিষ্ঠ সহযোগী খাজা, যিনি সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি হিসেবেও পরিচিত।

খাজার মূল দায়িত্ব একটাই, যেভাবেই হোক পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানো। ‘রেভস্পোর্টস’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে শুধু পাকিস্তানই নয়, বড় বিপাকে পড়বে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের যে চুক্তি রয়েছে, তার অন্যতম মূল আকর্ষণই ভারত-পাকিস্তান ম্যাচ। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার বড় অঙ্কের ক্ষতি হবে, যার দায় চাপতে পারে আইসিসির ওপরই।

ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এমনকি ক্রিকেটের বাকি দলগুলোতে দেখা দিতে পারে আর্থিক সংকট। ফলে পাকিস্তানকে রাজি করানো আইসিসির জন্য শুধু ক্রিকেটীয় নয়, আর্থিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এমআই