Advertisement
Us Bangla Airlines
রিশাদের কিপটে বোলিংয়ে জয়ের দেখা পেল হোবার্ট

রিশাদের কিপটে বোলিংয়ে জয়ের দেখা পেল হোবার্ট

খেলা ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭

ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ফিরেও কাজে এলো না। রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে শেষ পর্যন্ত বড় লক্ষ্য টপকে জয় তুলে নিল হোবার্ট হারিকেন্স। ১৪ বছর পর বিগ ব্যাশে ওয়ার্নারের শতক দেখেও হতাশায় ডুবল সিডনি থান্ডার।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিডনি। ইনিংসের প্রথম দুই বলেই হারায় দুই উইকেট। সেখান থেকে একপ্রান্ত আগলে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার। ২৮ বলে ফিফটি আর ৫৭ বলে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৬৫ বলে অপরাজিত ১৩০ রান করেন বাঁহাতি ওপেনার। তাঁর ঝলমলে ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি ছক্কা।

বড় দুঃসংবাদ পাচ্ছে রিশাদের দল

বিগ ব্যাশে এটি ওয়ার্নারের দ্বিতীয় সেঞ্চুরি, প্রথমটি করেছিলেন ১৪ বছর আগে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তাঁর নবম শতক; এই তালিকায় তাঁর সামনে কেবল ক্রিস গেইল ও বাবর আজম। ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তোলে সিডনি থান্ডার। নিক ম্যাডিসন করেন ৩০, স্যাম বিলিংস ২০।

তবে ওয়ার্নারের ইনিংস বড় হওয়ার আগেই থামতে পারত। রিশাদ হোসেনের ষষ্ঠ ওভারের চতুর্থ বলে স্লগ সুইপে ডিপ মিড উইকেটে ক্যাচ তুলেছিলেন ওয়ার্নার। ২৫ রানে থাকা ব্যাটারকে ফেলেন টিম ওয়ার্ড। সেই সুযোগটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

উইকেট না পেলেও রিশাদ ছিলেন হোবার্টের সবচেয়ে কিপটে বোলার। ৪ ওভারে মাত্র ২৯ রান, ইকোনমি ৭.২৫। প্রথম ওভারে ৩ রানের পর দ্বিতীয় ওভারে দেন ১৩, কিন্তু দ্বিতীয় স্পেলে আরও আঁটসাঁট। তৃতীয় ওভারে ৫, শেষ ওভারে ৮ রান। চাপ ধরে রেখেই ব্যাটারদের ভুলে ঠেলেন এই লেগ স্পিনার।

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে জিতল হোবার্ট হারিকেনস

২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় হোবার্ট। মিচেল ওয়েন ও টিম ওয়ার্ডের ১০৮ রানের উদ্বোধনী জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। ওয়েন ৪৫ রানে ফিরলেও টিম ওয়ার্ড ছিলেন বিধ্বংসী, ৪৯ বলে ৯০ রান করে সেঞ্চুরির কাছেই থামেন। শেষদিকে নিখিল চৌধুরী (১৪ বলে ২৯)* ও ম্যাথু ওয়েড (৫ বলে ১৩)* ঠান্ডা মাথায় কাজ সেরে দেন।

তাতে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের দেখা পায় হোবার্ট হারিকেন্স। এই জয়ে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিশাদদের দল। অন্যদিকে ৬ ম্যাচে পঞ্চম হার নিয়ে তলানিতেই রইল সিডনি থান্ডার। অবশ্য ওয়ার্নারদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে উইকেটশূন্য ছিলেন রিশাদ।

এমআই