২৬২ রান করে বড় সুখবর পেলেন সোবহানা মোস্তারি
খেলা ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দাপুটে পথচলার প্রতিফলন মিলল আইসিসি র্যাঙ্কিংয়েও। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের হাসিও হাসলেন লাল-সবুজের ক্রিকেটাররা। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সবচেয়ে বড় সুখবরটি পেলেন সোবহানা মোস্তারি।
বাছাইপর্বজুড়ে ছিলেন অনবদ্য ছিল জ্যোতির দল। সাত ম্যাচে ২৬২ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সোবহানা। সেই ধারাবাহিকতার পুরস্কার মিলল আইসিসি নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে, যেখানে এক লাফে ১৬ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন এই টাইগ্রেস ব্যাটার।
সোবহানার সঙ্গে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ওপেনার দিলারা আক্তারেরও। ১৫৪ রান করা জ্যোতি তিন ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় এখন ১৯ নম্বরে। আর পাঁচ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে উঠে এসেছেন দিলারা।
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও এসেছে সুখবর। বাছাইপর্বে ৮ উইকেট শিকার করা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার নারী টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৮ নম্বরে। ২০৬ ধাপ এগিয়েছেন পেসার মারুফা আক্তার। এছাড়া স্বর্ণা আক্তারের উন্নতি হয়েছে ৪৩ ধাপ।
তবে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ২৬ জনের তালিকায় কোনো পরিবর্তন আসেনি। এর মধ্যে বাংলাদেশের রাবেয়া খান রয়েছেন তালিকার ১৪ নম্বরে।
এমআই