Advertisement
Us Bangla Airlines
দিলারার ৩৩, শারমিনের ২২ ধাপ উন্নতি

দিলারার ৩৩, শারমিনের ২২ ধাপ উন্নতি

খেলা ডেস্ক

২৭ জানুয়ারি ২০২৬, ১৭:২০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের ব্যাটাররা। আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শারমিন আক্তার ও দিলারা আক্তার। ব্যাটিংয়ে অগ্রগতির পাশাপাশি বোলিং র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা।

মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি করে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন শারমিন আক্তার। ১ ছক্কা ও ৫ চারে ৫২ রানের সেই ইনিংসে ভর করে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর অবস্থান ৩৫ নম্বরে, যেখানে আগে সর্বোচ্চ ছিলেন ৫৬তম।

দিলারা আক্তারের উন্নতিও চোখে পড়ার মতো। গত সপ্তাহে নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করে ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শীর্ষ ১০০ জনের তালিকায়। ওপেনার দিলারা এখন যৌথভাবে রয়েছেন ৭০তম স্থানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অধিনায়ক নিগার সুলতানা। তবে চার ধাপ পিছিয়ে তিনি এখন ২২ নম্বরে। ধারাবাহিক পারফরম্যান্সে ১১ ধাপ এগিয়েছেন সোবহানা মোস্তারি। ২৭ ও ৩০ রানের ইনিংসে তাঁর অবস্থান এখন যৌথভাবে ৫২তম। এছাড়া ১৭ ধাপ লাফ দিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।

বোলিং র‍্যাঙ্কিংয়েও সুখবর। নামিবিয়ার বিপক্ষে ৫ রানে ৩ উইকেট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নিয়ে লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। একই ম্যাচে তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে এখন ৩০তম।

এছাড়া চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলারও উন্নতি হয়েছে ৬ ধাপ, অবস্থান ৫৪তম। সুলতানা খাতুন এক ধাপ এগিয়ে ৮১তম এবং ফারিহা তৃষ্ণা তিন ধাপ এগিয়ে রয়েছেন ৯৭তম স্থানে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসে বাংলাদেশের সেরা অলরাউন্ডার রাবেয়া খান।

এমআই