‘পাকিস্তানি ব্যাটাররা মোস্তাফিজকে ভালো চেনে’
খেলা ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১৭:৫৮
বাংলাদেশ সফরকে সহজভাবে নিচ্ছে না পাকিস্তান। ঘরের মাঠে টাইগাররা কতটা ভয়ংকর হতে পারে, সেটি ভালো করেই জানেন পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি। তাই আসন্ন ওয়ানডে সিরিজকে তিনি দেখছেন কঠিন এক চ্যালেঞ্জ হিসেবেই। বিশেষ করে টাইগার পেসার মোস্তাফিজকে নিয়ে বেশ সতর্ক সফরকারীরা।
মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আফ্রিদি বলেন, ‘যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ খুব ভালো দল এবং ঘরের মাঠে তারা দারুণ ক্রিকেট খেলেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে তারা। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলেছি। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটার। তাদের নিয়ে আশাবাদী অধিনায়ক আফ্রিদি। তার মতে, মিরপুরের কন্ডিশনের সঙ্গে পরিচিত থাকায় তরুণদের মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়।
তিনি বলেন, ‘তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। শাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহও খেলেছে। গত বছরও কয়েকজন খেলোয়াড় এখানে খেলেছে। তাই তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে। তারা এই মাঠ ও পিচ সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেটটাই খেলবে।’
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়েও কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, পাকিস্তানের ব্যাটাররা মোস্তাফিজের বোলিং সম্পর্কে ভালোভাবেই জানে।
আফ্রিদি বলেন, ‘আমি মনে করি ব্যাটাররা মুস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি–টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক খেলাটাই খেলবে।’
এমআই