অতিরিক্ত গতির জন্য শাস্তি পেলেন ধোনি
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ২২:২৪
মাঠে শীতল মাথা, কিন্তু রাস্তায় গতি একটু বেশি! ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবার খবরের শিরোনামে ক্রিকেট নয়, বাইকের গতির কারণে। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর দায়ে তাঁকে গুনতে হচ্ছে এক হাজার রুপি জরিমানা।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ট্রাফিক নজরদারি ব্যবস্থায় ধরা পড়ে ধোনির বাইকের অতিরিক্ত গতি। মোটরযান আইনের ১৮৩ ধারা অনুযায়ী, তাঁর নামে ই-চালান ইস্যু করা হয়েছে। ভারতীয় মুদ্রায় এক হাজার রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৩৩০ টাকা। ঠিক কবে ঘটনাটি ঘটেছে, তা স্পষ্ট নয়।

তবে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এটাই অবশ্য সাম্প্রতিক সময়ে ধোনিকে ঘিরে একমাত্র বিতর্ক নয়। কিছুদিন আগে রাঁচিতেই একটি আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড তাঁর কাছে আইনি নোটিশ পাঠায়।
২০০৪ থেকে ২০১৯—দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে ভারত জিতেছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও তাঁকে আইপিএলে দেখা যায়।
এমআই