Advertisement
Us Bangla Airlines
টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ

টানা তিন ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ২১:১৯

এশিয়ান কাপ অ-২০ নারী টুর্নামেন্টে গ্রুপ পর্বেই মিশন শেষ করেছে বাংলাদেশ । থাইল্যান্ডে আজ ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে ০-১ গোলে হেরে গেছে লাল-সবুজের দল। তাতে দলের আরও বড় মঞ্চে খেলার আশা-আকাঙ্ক্ষাও এখানে ইতি টেনেছে। এই ম্যাচে গোলরক্ষক মিলি আক্তারের ছোট্ট ভুলেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন ভেস্তে গেছে।

খেলার দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে ভিয়েতনাম বক্সের সামনের ফ্রি কিক পেয়েছিল। মিলি পোস্ট থেকে বের হয়ে বল ধরতে না পারায়, সহজ একটি হেড গোলে পরিণত হয়। এরপর বাংলাদেশের হাতে ছিল আরও ৪০ মিনিট সময়, কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি দল। ভিয়েতনামও ব্যবধান বাড়াতে পারেনি, ফলে ০-১ স্কোরেই ম্যাচ শেষ হয়।

বাংলাদেশের আক্রমণাত্মক মিডফিল্ডার সাগরিকা প্রথমার্ধে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন, কিন্তু একা গোলরক্ষকের মুখোমুখি হয়ে বল জালে পাঠাতে পারেননি। এর আগের ম্যাচগুলোতেও তার পারফরম্যান্স নজরকাড়া ছিল—থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি।

সিনিয়র নারী এশিয়া কাপের মতো অ-২০ টুর্নামেন্টেও বাংলাদেশ প্রথমবার অংশ নিয়েছে। অভিষেক ম্যাচে সাগরিকার জোড়া গোলে ৬৯ মিনিট পর্যন্ত লিড ছিল। কিন্তু দুই ডিফেন্ডারের ভুলে দুটি পেনাল্টি হজম করে দল পিছিয়ে পড়ে। পরের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল হজম করে হারে শেষ হয়।

থাইল্যান্ড ও চীনের বিপক্ষে পারফরম্যান্সের পর ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র আশা করা হয়েছিল। কিন্তু মিলি আক্তারের সেই ছোট্ট ভুলই শেষ করে দিল বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন। বাংলাদেশের জন্য এবারের টুর্নামেন্ট শিক্ষা, অভিজ্ঞতা ও আরও শক্তিশালী হওয়ার সুযোগ।

এমআই