Advertisement
Us Bangla Airlines
মায়ের পর এবার বাবার দেশকে প্রতিনিধিত্ব করবেন প্রিঙ্গেল

মায়ের পর এবার বাবার দেশকে প্রতিনিধিত্ব করবেন প্রিঙ্গেল

খেলা ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ২৩:০৬

বিশ্ব ক্রিকেট অনুসরণ করা অধিকাংশই ক্রীড়া ভক্তই টিম প্রিঙ্গেলকে চিনে থাকবেন। গোল ফ্রেমের চশমা পরে বল করা এই বাঁহাতি স্পিনারের বল বুঝাও দুর্ভেদ্য। বাংলাদেশের বিপক্ষে গেল বছর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সিলেটের মাটিতে হৃদয়–তামিমদের নিয়েছেন বড় পরীক্ষা। বল হাতে কিপটে প্রিঙ্গেল ইতোমধ্যেই নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে একাধিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে বিশ্বকাপের পরেই পাল্টে গেল তার ক্রিকেট ক্যারিয়ার।

চলতি বছরে শেষ হওয়া বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে ছিলেন না প্রিঙ্গেল। এবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে জড়িয়েছেন এই স্পিনার। গতকাল নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচ দিয়েই লিস্ট এ ক্রিকেটে অভিষেক হলো প্রিঙ্গেলের। লঙ্কানদের বিপক্ষে ১০ ওভারে ৪৮ খরচায় নিয়েছেন এক উইকেট, মেইডেন একটি। ইকোনমি বোলিং আর এশিয়ান কন্ডিশনে ভালো পরিসংখ্যান বলেই হয়তো প্রিঙ্গলকে দলে ভিড়িয়েছে টিম নিউজিল্যান্ড।

বিদেশি ক্রিকেটারকে নিউজিল্যান্ড জাতীয় দলে খেলতে দেখা নতুন কিছু নয়। বর্তমানে কিউই জার্সিতে বিশ্ব মাতানো মার্ক চ্যাপম্যান মূলত হংকংয়ের ক্রিকেটার। নেদারল্যান্ডসের হয়ে ক্যারিয়ার শুরু করা মাইকেল রিপনও পরবর্তীতে নিউজিল্যান্ড দলে খেলেছেন। বাংলাদেশ সিরিজে কিউই দলে ডাক পাওয়া ডিন ফক্সক্রফট দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের প্রয়োজন বুঝে নিজ দলে জায়গা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন প্রিঙ্গেল।

নেদারল্যান্ডসের এই ক্রিকেটারকে বিদেশি বলা ‘ভুল’ হবে বৈকি। কারণ, যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে খেলেছিলেন এই ক্রিকেটার। কিউইদের হয়ে বয়সভিত্তিক দলে প্রিঙ্গেলের খেলার কারণ অবশ্য তার বাবা ক্রিসটোফার প্রিঙ্গেল। নিউজিল্যান্ডের জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন ক্রিসটোফার। এরপর নেদারল্যান্ডসে পাড়ি জমান তিনি। সেখানেই এক ডাচ নারীকে বিয়ে করেন। ফলে বাবা-মায়ের কারণে টিম প্রিঙ্গেল এখন দুই দেশের নাগরিক। বয়সভিত্তিক দলে বাবার দেশ নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করলেও জাতীয় দলে অভিষেকটা হয়েছে মায়ের দেশের হয়ে। এবার নিউজিল্যান্ড জাতীয় দলেও খেলার অপেক্ষায় তিনি।

জাতীয় দলে বিদেশি ক্রিকেটারদের খেলাতে শুরুতে ‘এ’ দলকে বেছে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। টিম প্রিঙ্গেলকে আপাতত সেই পরীক্ষায় রেখেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। লিস্ট এ ক্যারিয়ারের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ বল করেছেন টিম প্রিঙ্গেল। কিপটে বোলিং আর নিয়মিত বিরতিতে উইকেট শিকার করতে পারলে তিনি হবে মিচেল সান্টনারের ভবিষ্যত উত্তরসূরী। মায়ের দেশ নেদারল্যান্ডসের হয়ে এই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন প্রিঙ্গেল। এবার ধারাবাহিক পারফরম্যান্স করে বাবার মতো নিউজিল্যান্ড জাতীয় দলে খেলার অপেক্ষায় তিনি।

এমআই