Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজের সতীর্থকে দুই ম্যাচ নিষিদ্ধ ঘোষণা

মোস্তাফিজের সতীর্থকে দুই ম্যাচ নিষিদ্ধ ঘোষণা

খেলা ডেস্ক

৩১ মার্চ ২০২৬, ১৮:৩৭

পাকিস্তান সুপার লিগে বড় ধাক্কা খেল লাহোর কালান্দার্স। মোস্তাফিজুর রহমানের সতীর্থ অভিজ্ঞ ওপেনার ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফখর।

ঘটনাটি ঘটে ২৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের শেষ দিকে আম্পায়ারদের নজরে আসে বলের স্বাভাবিক অবস্থা পরিবর্তনের বিষয়টি। ভিডিও ফুটেজে দেখা যায় ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফ নিজেদের মধ্যে আলোচনা করছেন। সেই সময় ফখর ও রউফ বলটি নাড়াচাড়া করছিলেন।

পরবর্তীতে আম্পায়াররা বল পরীক্ষা করে অসঙ্গতি খুঁজে পান এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। পিসিবির আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী যা লেভেল থ্রি অপরাধ হিসেবে বিবেচিত এবং ফখরকে দোষী সাব্যস্ত করা হয়। ম্যাচ চলাকালেই লাহোর কালান্দার্সকে পাঁচ রান জরিমানা করা হয় এবং বল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়।

ম্যাচ রেফারি রোশন মহানামার অধীনে শুনানি শেষে ফখরের বিরুদ্ধে দুই ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছিলেন, তবুও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত বহাল থাকে। ম্যাচের শেষ ভাগে ওই পাঁচ রান পেনাল্টিই হয়ে ওঠে বড় পার্থক্য। শেষ ওভারে লক্ষ্য সহজ হয়ে যায় করাচি কিংসের।

এই নিষেধাজ্ঞার ফলে লাহোর কালান্দার্সের হয়ে পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুলতান সুলতানস ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামা হবে না ফখর জামানের।

এমআই