রোনান সুলিভানের জোড়া গোলে জয় পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১৯:২০
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করল বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানকে কোনো সুযোগ না দিয়ে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের যুবারা। আর এই জয়ের নায়ক অভিষেক ম্যাচ খেলতে নামা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান।
ম্যাচের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই রোনান ও ডেকলাইন সুলিভান। তবে একাদশে জায়গা পান রোনানই, আর সুযোগ পেয়ে নিজের প্রতিভার ঝলক দেখাতে মোটেও দেরি করেননি তিনি। যদিও প্রথমার্ধে অবশ্য কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে বাংলাদেশের।
নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা মিলছিল না। সতীর্থদের সঙ্গে বোঝাপড়ার ঘাটতিও চোখে পড়ছিল রোনানের খেলায়। তবুও মাঝমাঠ থেকে আক্রমণভাগে সংযোগ তৈরির চেষ্টা চালিয়ে যান তিনি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
বিরতির পর যেন বদলে যায় ম্যাচের চিত্র। আরও আক্রমণাত্মক বাংলাদেশ অবশেষে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পায় ৫৩তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি-কিকে পাকিস্তানের জালে বল জড়ান রোনান সুলিভান। অভিষেকেই প্রথম গোল, তবে গোল করার ধরণটা যেন আরও বিশ্বমানের।
এরপর থেমে থাকেননি তিনি। ৬৭তম মিনিটে বাম প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন রোনান। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে জোড়া গোল পূর্ণ করেন এই তরুণ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এক ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট এখন তাদের ঝুলিতে। গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। পাকিস্তান একটি ম্যাচ খেললেও ভারতের এখনও আসরে নামা হয়নি।
এমআই