নিউজিল্যান্ড সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে কতটা উন্নতি হবে বাংলাদেশের
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ২২:৩১
সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। ইতিমধ্যে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়ানডে লড়াই।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে র্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে হবে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ ২-১ ব্যবধানে জিতে বর্তমানে নবম স্থানে আছে মেহেদী হাসান মিরাজের দল। কিউই সিরিজ জিতলে বাংলাদেশের অবস্থান কোথায় দাঁড়াবে, তা নিয়ে ওঠেছে প্রশ্ন।

আইসিসির র্যাঙ্কিং প্রেডিক্টর বলছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ফলাফলে বাংলাদেশের অবস্থানে বড় কোনো পরিবর্তন নাও আসতে পারে। তিন ম্যাচই জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮৫, তবে অবস্থান নবমই থাকবে। আবার দুই ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮৩, আর একটি ম্যাচ জিতলে তা হবে ৮০।
তবে পুরো সিরিজ হেরে গেলে বড় ধাক্কা খেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে টাইগারদের রেটিং পয়েন্ট নেমে আসবে ৭৮-এ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট হবে ৭৭। ফলে পরবর্তী সিরিজে ক্যারিবিয়ানরা একটি ম্যাচ জিতলেই দশম স্থানে নেমে যেতে পারে বাংলাদেশ। যা ক্রিকেটার ও ভক্তদের জন্য বড় দুঃসংবাদ হতে পারে।
সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। সে সময় ২-০ ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছিল কিউইরা। এবারও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে। তবে র্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে সুযোগটা কাজে লাগাতে চাইবেন মিরাজরা।

বিসিবির ঘোষিত সূচি বলছে, ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সব ওয়ানডে ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
ওয়ানডে সিরিজ শেষে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্রাম ও অনুশীলনের সময় পাবে দুই দল। এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি। এই দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল। ২ মে মিরপুরে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে শেষ ম্যাচটি।
এমআই