বিসিবি সভাপতি পদে নিজেকে যোগ্য মনে করেন তামিম
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২৩:১১
বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে কাজ করার আগ্রহের কথা জানালেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সুযোগ পেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির দায়িত্ব নিতে চান বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘সামিরস্কেন’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে এমন ইচ্ছার কথা প্রকাশ করেন তামিম।
সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে বিসিবি সভাপতি হওয়ার আগ্রহ আছে কি না। জবাবে বাঁহাতি এই ওপেনার বলেন, সুযোগ এলে অবশ্যই তিনি সেই দায়িত্ব নিতে চাইবেন। এর আগেও বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তামিমের। তবে সে সময় সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩–এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। পরে সিদ্ধান্ত বদলে জাতীয় দলে ফিরে একটি ওয়ানডে ম্যাচও খেলেন। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত না থাকলেও দেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছেন এই তারকা ব্যাটার। বিশেষ করে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। পডকাস্টে তামিম বলেন, বিসিবি সভাপতির দায়িত্ব পালনের মতো সামর্থ্য নিজের মধ্যে দেখেন তিনি। তাঁর মতে, ক্রিকেট মহলে তার কাজ ও ভাবনা সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে।
অভিজ্ঞতার চেয়ে সৎ উদ্দেশ্যকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তামিম। তার ভাষায়, ‘অভিজ্ঞতা বা বয়সের চেয়ে ইচ্ছা ও উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ। অনেক অভিজ্ঞ মানুষ তো দীর্ঘদিন বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে যারা ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন অভিজ্ঞদের ওপর বিশ্বাস করেছেন, একবার আমাদের মতো অনভিজ্ঞদের ওপরও বিশ্বাস করে দেখতে পারেন।’
এমআই