নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৬:৩৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তিন বছর পর বাংলাদেশে খেলতে আসবে কিউইরা। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে।
চলতি বছরের মার্চ থেকেই ব্যস্তবর্ষ শুরু হয়েছে টাইগারদের। বছরের বাকি মাসগুলোতে নিয়মিত খেলবে বাংলাদেশ। ব্যস্তবর্ষ অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সফর শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য এই সিরিজের গুরুত্ব অনেক। সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে র্যাঙ্কিংয়ে উন্নতি জরুরি টাইগারদের জন্য। আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপে সরাসরি খেলার দলগুলো। তালিকার সেরা আট দল পাবে সরাসরি অংশগ্রহণের সুযোগ।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতে র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে এখন তারা নবম স্থানে, আর দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য হতে পারে র্যাঙ্কিং আরও শক্ত করার বড় সুযোগ।
বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের সূচি
| ম্যাচ | তারিখ | ভেন্যু |
|---|---|---|
| ১ম ওয়ানডে | ১৭ এপ্রিল | মিরপুর |
| ২য় ওয়ানডে | ২০ এপ্রিল | মিরপুর |
| ৩য় ওয়ানডে | ২৩ এপ্রিল | মিরপুর |
| ১ম টি-টোয়েন্টি | ২৭ এপ্রিল | চট্টগ্রাম |
| ২য় টি-টোয়েন্টি | ২৯ এপ্রিল | চট্টগ্রাম |
| ৩য় টি-টোয়েন্টি | ২ মে | চট্টগ্রাম |
এমআই