পিএসএলে প্রথমবার খেলতে যাচ্ছেন শরিফুল
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৬:০৫
বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। নিলামে দল না পেলেও টুর্নামেন্ট শুরুর প্রায় এক সপ্তাহ আগে সুযোগ পেয়েছেন তিনি। আসন্ন আসরে পেশাওয়ার জালমির জার্সিতে দেখা যাবে ২৪ বছর বয়সী এই পেসারকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শরিফুল।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলের নতুন মৌসুমে মাঠে নামবেন তিনি। দলে জায়গা পাওয়াটা এসেছে মূলত সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে দারুণ ছন্দে ছিলেন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলতে নেমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পুরো আসরে ১২ ইনিংসে মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। এতে তিনি মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি এক আসরে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। এছাড়া জাতীয় দলের জার্সিতে ভালো ফর্মে রয়েছেন দীর্ঘদেহী এই পেসার।
পেশাওয়ার জালমির দলে শরিফুলের সঙ্গে থাকছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা। ডানহাতি এই গতিময় বোলার নিলাম থেকেই দল পেয়েছিলেন। গত মৌসুমেও পেশাওয়ারের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এবার বল হাতে আলো ছড়ানোর সম্ভাবনা রয়েছে তার।
এবারের পিএসএলে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার থাকছেন। মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে নিলাম থেকে চুক্তিবদ্ধ হয়ে পেশাওয়ার জালমির হয়েই খেলবেন রিশাদ হোসেন।
এমআই