হামজা-সামিত-ফাহামিদুলরা দলের সঙ্গে কবে যোগ দিবেন?
খেলা ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২৩:০১
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩১ মার্চ সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলর বিপক্ষে শেষ বাছাই ম্যাচের আগে ২৬ মার্চ ভিয়েতনামের মাটিতে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুটি ম্যাচকে সামনে রেখে ১৬ মার্চ থেকে ক্যাম্প শুরু হবে ঢাকায়।
দলের বেশিরভাগ খেলোয়াড় ক্যাম্পে যোগ দিলেও বিদেশে লিগ খেলা কয়েকজন ফুটবলার সরাসরি ম্যাচ ভেন্যুতেই দলের সঙ্গে যুক্ত হবেন। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী ঢাকার ক্যাম্পে থাকছেন না। তিনি ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।
ক্লাবের হয়ে সবশেষ ম্যাচে শুরুর একাদশে নেমে ভালো পারফরম্যান্স করেছেন তিনি, তাই পুরোপুরি ফিট অবস্থাতেই তাকে পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। এর আগে ক্যাম্পে যোগ দিতে ঢাকায় আসছেন কয়েকজন প্রবাসী ফুটবলার। ইতালির ক্লাবে খেলা উইঙ্গার ফাহামিদুল ইসলাম সোমবারই ঢাকায় পৌঁছাবেন। একই দিন আসবেন ডিফেন্ডার তারিক কাজীও।
কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার সোমিত সোম ঢাকায় আসবেন ১৫ মার্চ। তারও একদিন আগে দেশে পৌঁছাবেন তরুণ ফুটবলার জায়ান আহমেদ।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে এক জয় পেয়েছে বাংলাদেশ, সেটি ভারতের বিপক্ষে। এছাড়া দুটি ড্র ও দুটি হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে লাল–সবুজের প্রতিনিধিরা। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বাছাইপর্ব শেষ করতে চায় দল।
এই লক্ষ্যেই সিঙ্গাপুর ম্যাচের আগে ভিয়েতনামে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দল কমিটির সভা শেষে খেলোয়াড়দের আগমনের সূচি গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
এমআই