Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপের এক ম্যাচেই ১৬ কোটি ৩০ লাখ দর্শক!

বিশ্বকাপের এক ম্যাচেই ১৬ কোটি ৩০ লাখ দর্শক!

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪

ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনার পারদ আকাশছোঁয়া। অনিশ্চয়তার সেই ম্যাচ আয়োজন নিয়ে ছিল নানান মহারণ। আর সেই মহারণ এবার ভেঙে দিল সব ডিজিটাল রেকর্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচেই ১৬ কোটি ৩০ লাখ দর্শক চোখ রেখেছিলেন পর্দায়!

বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দেখেছেন ১৬ কোটি ৩০ লাখ দর্শক। টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইভেন্টে এটি সর্বোচ্চ দর্শকসংখ্যা।

এর আগে ২০২৪ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সময় যে রেকর্ড গড়া হয়েছিল, সেটিও এবার ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, ২০২৪ সালের ভারত-পাকিস্তান ম্যাচের তুলনায় এবার ৫৬ শতাংশ বেশি দর্শক ম্যাচটি উপভোগ করেছেন।

লিগ পর্বের একটি ম্যাচ, তাও আবার কেবল মোবাইল প্ল্যাটফর্মে। এত বিপুল দর্শক আগে কখনও দেখেনি আইসিসির কোনো ইভেন্ট। ওয়াচ-টাইমেও ছিল চমক। সব মিলিয়ে ম্যাচটি দেখা হয়েছে ২০০০ কোটি মিনিট, যা আগের আসরের তুলনায় ৪২ শতাংশ বেশি।

তবে ম্যাচটি ঘিরে নাটকও কম ছিল না। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান প্রথমে ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় এবং আইসিসির কড়া সমালোচনা করে। পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনুরোধে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।

শেষ পর্যন্ত কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান হারে ৬১ রানে, আর ডিজিটাল দুনিয়ায় গড়ে নতুন ইতিহাস। ক্রিকেট মাঠে লড়াই ছিল একতরফা, কিন্তু দর্শকসংখ্যায় লড়াইটা ছিল রেকর্ডের সঙ্গে। আর সেই লড়াইয়ে জয়ী ভারত-পাকিস্তান নামের চিরন্তন মহারণ।

এমআই