Advertisement
Us Bangla Airlines
পিএসএলে দল পেলেন যেসব বাংলাদেশি, অবিক্রিত যারা

পিএসএলে দল পেলেন যেসব বাংলাদেশি, অবিক্রিত যারা

খেলা ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৫

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের নিলাম আজ অনুষ্ঠিত হয়েছে। পিএসএলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এই নিলামে নাম নিবন্ধন করেছেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৩ জন, যেখানে নিলাম উঠেছেন মাত্র ১১ জন। তবে রিশাদসহ বিক্রি হয়েছেন কেবল তিন বাংলাদেশি ক্রিকেটার।

বুধবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় নিলাম শুরু হয়। পিএসএলের ইতিহাসে এবারই প্রথম ড্রাফটের পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামের প্রথম ডাকে বিক্রি হয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৮.৫ কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে ভেড়ায় ইসলামাবাদ ইউনাইটেড। তাঁর ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ রুপি।

বাংলাদেশির মধ্যে নিলামে প্রথম ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১ কোটি ১০ লাখ টাকা ভিত্তিমূল্যের মিরাজকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এরপরই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। পিএসএলের গেল মৌসুমে ১৩ উইকেট শিকার এই লেগ স্পিনারকে কাড়াকাড়ি করেছে একাধিক দল।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। ৩ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়েছেন রিশাদ হোসেন। টাইগার লেগস্পিনারকে দলে ভেড়াতে বেশ আগ্রহী ছিল মোহাম্মদ রিজওয়ানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

রিশাদের দলে বিদেশি হিসেবে জায়গা পেয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস ও কিউই তারকা ড্যারিল মিচেল। গেল আসরে রিশাদের সঙ্গে এই দুইজন চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। তবে লাহোরের তিন বিদেশি তারকাকেই এবার দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

এদিকে রিশাদের পর নিলামে ডাক পেয়েছিলেন সাকিব আল হাসান, নাহিদ রানা, লিটন দাস, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান, পারভেজ হোসেন ইমন ও হাসান মাহমুদ। তবে এদের কারো প্রতি আগ্রহ দেখায়নি পিএসএলের দলগুলো। যদিও ভিত্তিমূল্য কমিয়ে দ্বিতীয় ডাকে দল পায় আরও দুই বাংলাদেশি।

৬০ লাখ পাকিস্তানি রুপিতে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশওয়ার জালমি। পিএসএলের গেল মৌসুমে একই দলে ডাক পেয়েছিলেন নাহিদ, যদিও ম্যাচ খেলা হয়নি তার। এছাড়া ৬০ লাখ রুপিতে পারভেজ হোসেন ইমনকে দলে ভেড়ায় মোস্তাফিজের লাহোর কালান্দার্স।

সবমিলিয়ে পিএসএলের একাদশ আসরে নিলাম থেকে দল পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। এছাড়া সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ৬.৪৪ কোটি রুপিতে তাকে আগেভাগেই দলে ভিড়িয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর।

এমআই