Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান!

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান!

খেলা ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও ক্রিকেটবিশ্বের চোখ ছিল ভারত-পাকিস্তান ম্যাচে। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণায় সেই বহুল প্রতীক্ষিত লড়াই নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ও হতাশা। তবে সব নাটকীয়তার পর অবশেষে সুর বদলাচ্ছে ইসলামাবাদের। ভারতের বিপক্ষেই খেলতে যাচ্ছে পাকিস্তান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, দীর্ঘ আলোচনা ও চাপের মুখে পিসিবি কার্যত ‘ইউটার্ন’ নিতে যাচ্ছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যকার চলমান সংকট নিরসনে একটি মধ্যস্থতাকারী ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে, যা পাকিস্তানকে ম্যাচে ফেরাতে বড় ভূমিকা রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসি পাকিস্তানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুক্তিসংগত কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট। শুধু তাই নয়, ভারত–পাকিস্তান ম্যাচ বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বাণিজ্যিক ক্ষতির আশঙ্কাও ছিল, যার বড় ধাক্কা পড়ত পিসিবির ওপর।

এনডিটিভি জানিয়েছে, বোর্ডের ভেতরে ম্যাচ খেলার পক্ষে মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছ থেকে। আজ সোমবার রাতেই অথবা আগামীকালের মধ্যে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পিসিবি।

এর আগে সংকট সমাধানে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইসিসির পক্ষে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবির পক্ষে মহসিন নাকভি এবং বিসিবির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ইস্যু।

বৈঠকে আইসিসি পিসিবির সামনে কয়েকটি শর্ত তুলে ধরলেও, পাকিস্তানের সব দাবি মানা হয়নি। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবি আইসিসি স্পষ্টভাবে নাকচ করে দেয়, কারণ এটি ভারতের সরকারি সিদ্ধান্তের সঙ্গে জড়িত।

তবে বাংলাদেশ ইস্যুতে কিছুটা স্বস্তির খবর রয়েছে। এনডিটিভির দাবি অনুযায়ী, বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে একটি বড় আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে বিশ্ব ক্রিকেটের স্বার্থে, পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমআই