Advertisement
Us Bangla Airlines
‘ভারত-পাকিস্তান ম্যাচ হবেই, শতভাগ নিশ্চিত’

‘ভারত-পাকিস্তান ম্যাচ হবেই, শতভাগ নিশ্চিত’

খেলা ডেস্ক

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত অনিশ্চয়তাই থাকুক, শেষ পর্যন্ত লড়াই মাঠেই গড়াবে। এ নিয়ে একেবারে আত্মবিশ্বাসী ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দাবি, আইসিসির অন্য সদস্য দেশগুলোর চাপেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান।

সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রোববার পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না তারা। এই ঘোষণার পরই ক্রিকেট বিশ্বে শুরু হয় তোলপাড়।

বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা নিয়ে ইতোমধ্যেই জোর আলোচনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে, এই ক্ষতির দায়ে পিসিবিকে জরিমানা করা হতে পারে কিংবা আইসিসির রাজস্ব থেকে তাদের অংশ কমিয়ে দেওয়া হতে পারে। এমনকি আরও কঠোর শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এই বাস্তবতাই শেষ পর্যন্ত পাকিস্তানকে পিছু হটতে বাধ্য করবে বলে মনে করেন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই স্পিনার বলেন, ‘ম্যাচটা শতভাগই হবে। আমার মনে হয়, আগামী চার-পাঁচ দিনের মধ্যেই পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। আমিও এই ম্যাচটা দেখতে চাই।’

অশ্বিন আরও যোগ করেন, ‘তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। সম্প্রচারকদের বিপুল টাকা জড়িত, তাই সমঝোতা হতেই হবে। আইসিসির সব সদস্যই ক্ষতিগ্রস্ত হবে। এমনকি পিএসএলে খেলোয়াড়দের এনওসি না দেওয়ার মতো বিষয়ও সামনে আসতে পারে।’

এমআই