Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশে আসার আগে অবসরের ঘোষণা দিলেন সরফরাজ

বাংলাদেশে আসার আগে অবসরের ঘোষণা দিলেন সরফরাজ

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ১৭:২০

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার সরফরাজ আহমেদ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী মে মাসে পাকিস্তান টেস্ট দলের কোচ হয়ে বাংলাদেশে আসার কথা রয়েছে তাঁর।

করাচিতে জন্ম নেওয়া সরফরাজের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০০৭ সালে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। এরপর ২০১০ সালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে পাকিস্তানের হয়ে তিনি খেলেছেন ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ।

তিন সংস্করণ মিলিয়ে তার সংগ্রহ ৬,১৬৪ রান, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ৩৫টি অর্ধশতক। উইকেটের পেছনেও ছিলেন দারুণ নির্ভরযোগ্য—ক্যারিয়ারে নিয়েছেন ৩১৫টি ক্যাচ এবং করেছেন ৫৬টি স্টাম্পিং। নেতৃত্বেও ছিল তার সাফল্যের ছাপ। তিন সংস্করণ মিলিয়ে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন সরফরাজ।

তার অধিনায়কত্বেই একসময় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে পাকিস্তান। পাশাপাশি টানা ১১টি টি-টোয়েন্টি সিরিজ জয়ের বিশ্বরেকর্ডও গড়েছিল দলটি। তবে সরফরাজের ক্যারিয়ারের সেরা মুহূর্ত নিঃসন্দেহে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। তার নেতৃত্বে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান।

এর আগে ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল পাকিস্তান। ফলে জুনিয়র ও সিনিয়র দুই পর্যায়েই আইসিসি ট্রফি জেতা একমাত্র পাকিস্তানি অধিনায়কও তিনি। ব্যক্তিগত কীর্তিতেও উজ্জ্বল ছিলেন সরফরাজ। ২০১৯ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টে ১০টি ক্যাচ নিয়ে পাকিস্তানের হয়ে রেকর্ড গড়েন তিনি।

সবশেষে ২০২৩ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছিলেন সরফরাজ। অবসরের ঘোষণায় তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা থেকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলা প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ।’

এমআই