৭৭ বলে ১৭৩ রান করে ফাইনালে নিউজিল্যান্ড
খেলা ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ২২:৪৬
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখে মনে হচ্ছিলো, উইকেটে রান তোলা সহজ নয়। তাতে ১৭০ রানের লক্ষ্য চ্যালেঞ্জিংই বলা চলে। কিন্তু এই লক্ষ্যকে থোড়াই কেয়ার করল নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ৮৪ রান তুলেই জয়ের ভিত গড়ে তুলেছিল সেইফার্ট-অ্যালেন। এরপর ঝোড়ো ব্যাটিং আর থামানো যায়নি। তাতে মাত্র ৭৭ বলে ১৭৩ রান তুলে জয় নিশ্চিত করল সান্টনারের দল।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলতে পারে ১৬৯ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন ইয়ানসেন। জবাবে ফিন অ্যালেনের ৩৩ বলে অবিশ্বাস্য সেঞ্চুরিতে ১২.৫ ওভারেই ৯ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও টিম সেইফার্ট। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়েছিলেন সেইফার্ট, তবে সেটি মিস করেন উইকেটকিপার ডি কক। এরপর দুই প্রান্ত থেকেই ঝোড়ো ব্যাটিং করেছেন দুই কিউই ওপেনার।
পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করে নিউজিল্যান্ড। তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। আর ফিরতে পারেনি। ২৫ বলে ফিফটি করেন সেইফার্ট। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি ৩৩ বলে ৫৮ রানে থেমেছেন। তার বিদায়ে ভাঙে ১১৭ রানের উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার অ্যালেন ফিফটি করেন ১৯ বলে। আর পরের ৫০ রান করতে খেলেন মাত্র ১৪ বল। অর্থাৎ ৩৩ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন। যা বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি তো বটেই দুটি টেস্ট প্লেয়িং দেশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সবমিলিয়ে ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন অ্যালেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ১০ রান করে এই ওপেনার ফিরলে ১২ রানে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে শূন্য রানে আউট হয়েছেন রায়ান রিকেলটন। সুবিধা করতে পারেননি এইডেন মার্করামও। বিতর্কিত এক ক্যাচে ২০ বলে ১৮ রান করে বিদায় নেন প্রোটিয়া অধিনায়ক।
দলের বিপদে হাল ধরেন ব্রেভিস। তবে ২৭ বলে ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে ক্রিস্টিয়ান স্টাবস ও জানসেন মিলে দুর্দান্ত জুটি গড়েন। ২৪ বলে ২৯ করেন স্টাবস। তবে ইয়ানসেন ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকলে লড়াইয়ের পুঁজি পায় প্রোটিয়ারা। তবে সেই পুঁজি কিউইদের কাছে আর ধোপে টিকেনি।
চলতি বিশ্বকাপে টানা সাত ম্যাচে অপরাজিত ছিল দক্ষিণ আফ্রিকা। তবে কিউইদের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। বিশ্বকাপের নক আউটে এই নিয়ে চতুর্থবার নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে প্রোটিয়ারা।
গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। এবার গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছিল বড় ব্যবধানে। সেই দলই এখন শিরোপা থেকে আর একটি জয় দূরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। দুই দলের আগের পাঁচ ম্যাচের সবকটি জিতেছিল প্রোটিয়ারা।
এমআই